বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। তিন সপ্তাহ ধরে বুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে চার মাসের বেশি সময় ধরে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহার করেছেন। যদিও গতকাল পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ১৯৭৩ সালের অধ্যাদেশের অধীনে। এই অধ্যাদেশে বলা হয়েছে, উপাচার্য হতে হবে নির্বাচিত। সিন্ডিকেট একটি প্যানেল তৈরি করে বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পাঠাবে এবং তিনি সেই প্যানেল থেকেই একজনকে উপাচার্য পদে নিয়োগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে জাহাঙ্গীরনগরসহ কোনো বিশ্ববিদ্যালয়েই নির্বাচিত উপাচার্য নেই। তিন বছরের বেশি সময় ধরে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া উপাচার্যগণই দায়িত্ব পালন করে আসছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সংকট ঘনীভূত হয়েছে, নির্বাচিত উপাচার্য নিয়োগই তার সমাধান। আন্দোলনকারী শিক্ষকদের দাবিও তা-ই। অচলাবস্থা কাটাতে অবিলম্বে শরীফ এনামুল কবিরকে উপাচার্য পদ থেকে সরে দাঁড়াতে হবে। আর কাজটি যত দ্রুত হয়, ততই মঙ্গল।গত বৃহস্পতিবার বুয়েটের সিন্ডিকেট সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে আন্দোলনরত শিক্ষকদের দাবি মোটামুটি আমলে নেওয়া হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার পদে কামাল আহমদের ভূতাপেক্ষ নিয়োগ বাতিল করা হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অন্যান্য অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আবুল হাশিমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এ অবস্থায় শিক্ষকদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তাঁদের উচিত হবে কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফিরে যাওয়া।কোনো বিশ্ববিদ্যালয়েই এক দিনের জন্যও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকতে পারবে না। ইতিমধ্যে এই দুটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার যে ক্ষতি হয়েছে, শিক্ষকদের বাড়তি ক্লাস নিয়ে তা পূরণ করতে হবে। অচলাবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা শিক্ষক, যাঁরাই দায়ী হোন না কেন, তার দায় কেন শিক্ষার্থীরা নেবেন? এমনিতেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হরতালসহ নানা কারণে পাঠ্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রশাসনের অযথা নাক গলানো, দলীয় মাস্তান পোষার যেমন আমরা বিরোধী, তেমনি কথায় কথায় ধর্মঘটকেও সমর্থন করি না। ১৯৭৩-এর অধ্যাদেশের আওতাভুক্ত চারটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে নির্বাচিত উপাচার্য নিয়োগের ব্যবস্থা করা হোক। তাতে প্রশাসনের জবাবদিহি যেমন বাড়বে, তেমনি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশও ফিরে আসবে বলে আশা করা যায়।