বুয়েট বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক্তার প্রেসক্রিপশনে যতই লিখুন লো-ফ্যাট মিল্ক, আমি তা মানি না। গরুর দুধ কিনতে প্রায় প্রতি হপ্তায় ঢাকার ৩০-৪০ কিলোমিটারের মধ্যে হাটবাজারে যাই। আশপাশের গ্রাম থেকে গৃহস্থরা দু-এক কেজি দুধ নিয়ে বাজারে আসেন। কেউ বা আসেন তাঁর এক টুকরো জমিতে ফলানো কিছু তরিতরকারি বা শাকসবজি নিয়ে। কেউ ঝুড়িতে দু-আড়াই কেজি কাঁচা মরিচ নিয়ে বসেন। ওসব বেচে চাল-আটা কিনে বাড়ি ফেরেন। অথবা লেগুনে চাষ করা একটি পাঙাশ মাছের বাচ্চা।আমার ছয় কেজির মতো দুধ হলেই হপ্তা চলে। তিন-চারজনের থেকে কিনতে হয়। সেদিন একজনের থেকে দেড় কেজি কিনলাম। ৫৫ টাকা কেজি। কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘আমার মাইজা ছেলেডা এইচএসসিতে এবার জিপিএ-ফাইভ পাইছে। ইঞ্জিনিয়ারিং পড়বার চায়।’বললাম, খুব ভালো। ওরে তৈরি হইতে কন। ভর্তি পরীক্ষা হবে। ইনশাআল্লাহ পারবে।বুয়েটে পড়ার স্বপ্ন তাঁর ছেলেটির। বাবা-মায়ের স্বপ্ন। ওর মতোই বুয়েটে ভর্তির স্বপ্ন হাজার হাজার ছেলেমেয়ের। সবাই চান্স পাবে না। চেষ্টা করবে। ছেলেটি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না-ও হতে পারে। সেটা অন্য কথা। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভর্তি পরীক্ষা বুয়েটেই সবার আগে হয়। আমি যখন দুধ ও পুঁইশাক কিনে ঢাকায় ফিরি, ঢাকা-আরিচা মহাসড়কে তুমুল বৃষ্টি হচ্ছিল। দুধবিক্রেতার কথাটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ভাবছিলাম বুয়েটে এবার ঠিক সময়ে ভর্তি পরীক্ষা হবে তো!একদিন তো হতেই হবে। ছেলেমেয়েরা পরীক্ষাও দেবে। প্রতিবছর হাজার আটেক ছেলেমেয়ে বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। যদিও যোগ্য শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি। ভর্তি হতে পারে হাজারের কম।পুত্রকন্যাদের ভর্তির জন্য বহু অভিভাবক অতি কষ্টে টাকা জমান। ওই দুধবিক্রেতাও তাঁর ৮৫ টাকা থেকে কিছু সঞ্চয় করবেন। দুধ ও কাঁচা মরিচ বিক্রির টাকায়ও কুলাবে না। ছেলে বুয়েটে ভর্তি হবে বলে ওর মা এবার ঈদে কোনো কাপড় নেবেন না। অন্যান্য বার ঈদে তাতে বোনা বাবুরহাটির একটি মোটা শাড়ি পান। শাড়ির বাঁচানো টাকাতেও হবে না। বিয়ের সময় সাড়ে তিন আনা দুই রতি ওজনের একজোড়া কানের দুল দিয়েছিলেন বাজান। ২২ বছর পর সেটাও বিক্রি করতে হবে। বাড়ির দক্ষিণ দিকের কোনায় যে দুটি ক্ষুদি জামগাছ আছে, তা বেচতে হবে। যদি ছেলে চান্স পায়, ন্যাকড়ার পুঁটুলিতে বাঁধা টাকাগুলো ছেলের হাতে দিয়ে মা বলবেন, ‘বাজান, সাবধানে থাইকো। খারাপ পোলাপাইনের সঙ্গে মিশো না।’ছেলেটির মা সনি হত্যার কথা জানেন না। জানলে ছেলেকে গ্রামের কলেজে পড়াতেন। কোনো দরকার নাই ইঞ্জিনিয়ার বানানোর।আমাদের এই দুর্ভাগা দেশে বুয়েট ছিল এক অহংকারের নাম। আজ তা এক আতঙ্ক। বিশ শতকের ৪০টি বছর বুয়েট ছিল এক অনন্য শিক্ষাঙ্গন। আজ তা পরিণত হতে যাচ্ছে এক দুঃস্বপ্নের পুরীতে। বুয়েট ছিল নিয়মকানুন, নীতি-আদর্শ ও শৃঙ্খলার পরাকাষ্ঠা। আজ সেখানে অনিয়ম ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। কিন্তু গভীর হতাশার মধ্যেও আশার কথা এই যে, বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা অনাচারকে মেনে নিচ্ছেন না। তাঁরা চান বুয়েট তাঁর অতীত গৌরব অক্ষুণ্ন রাখুক।গত কয়েক দশকে রাষ্ট্রীয় অনাচার-অবিচারে, সামাজিক অবক্ষয়ে আমাদের সূক্ষ্ম ও কোমলতা অনুভূতিগুলো নষ্ট হয়ে গেছে। আনন্দের ব্যাপারে আমরা আনন্দ করি না—আবেগহীন। বেদনায়ও আমরা কাতর হই না। আজ দেশে বড় কিছু প্রতিষ্ঠিত হলেও আমাদের আবেগের প্রকাশ ঘটে না। আমার মনে আছে, আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ যেদিন ১৯৬১-তে ‘পূর্ব পাকিস্তান ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয়’ হয়, সেদিন গোটা পূর্ব পাকিস্তানের মানুষের বুক ভরে উঠেছিল। আমাদের বাসা ছিল লালবাগে। বিশ্ববিদ্যালয়ের অল্প দূরে। সেদিন দেখেছি এর জন্মলগ্নের ছাত্র-শিক্ষক ও সাধারণ জনতার আনন্দ। ১৯৪৭-এর আগে এখানে ছিল আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল। দীর্ঘ বিবর্তনের ভেতর দিয়ে স্বাধীনতার পর আমরা পাই ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়’—বুয়েট। একসময় সমস্ত কমনওয়েলথ দেশগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বুয়েটের খ্যাতি ছিল। এখানকার পাস করা ইঞ্জিনিয়াররা আমেরিকাসহ সারা দুনিয়ায় কাজ করে দক্ষতার পরিচয় দিয়েছেন।ষাটের দশকে আমাদের ছাত্রজীবন শেষ হয়। মোনায়েম খানের গভর্নরত্ব আর আমাদের ছাত্রত্বের সময়কাল ছিল সমান্তরাল। তিনি ছিলেন অমার্জিত গ্রাম্য প্রকৃতির রাজনীতিক। গণতন্ত্র জিনিসটি কী, তা তিনি জানতেন না। ডান্ডা মেরে ঠান্ডা করা ছিল তাঁর জীবনাদর্শ। কৃষক ও ছাত্র-শিক্ষক ছাড়া সবাই তাঁকে যমের জ্যাঠার মতো ভয় করত। প্রতিষ্ঠাতা-উপাচার্য এম এ রশীদকে ডেকে গভর্নর মোনায়েম বলেছিলেন, তাঁর কোনো প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে নিতে। ছাত্রটির আইএসসি পরীক্ষার ফল দেখে ড. রশীদ সে অনুরোধ প্রত্যাখ্যান করেন। ষাটের দশকে তা ছিল দৃষ্টান্তমূলক ও আলোচ্য একটি ঘটনা।সেকালে স্বৈরশাসনের মধ্যেও বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এ-জাতীয় সৎসাহস দেখাতেন নিঃশঙ্ক চিত্তে। যেমন আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল জালালউদ্দিন আহমদ শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমদের এক ছাত্রভর্তির অনুরোধ অগ্রাহ্য করেছিলেন।বুয়েটে মাঝেমধ্যে যেতাম। বন্ধুবান্ধব ছিল। সেকালে সেখানেও অতি পরিশীলিত ছাত্ররাজনীতি ছিল। এখন রোমাঞ্চকর মনে হয়। সিরাজ সিকদার ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ইকসুর নির্বাচিত ভিপি। অবিচল মার্ক্সবাদী। ছাত্র ইউনিয়নের নেতা। বকশীবাজার পপুলার হোটেলে বা বুয়েটের বটগাছের তলায় হাসিনা হোটেলে দেখেছি তাঁকে সহকর্মীদের নিয়ে খেতে। ৫০ পয়সায় খাওয়া হয়ে যেত। গুনে পয়সা মিটিয়ে দিয়ে সিরাজ সিকদার তাঁর সাইকেলে চড়ে চে গুয়েভারার মতো উধাও হয়ে যেতেন। কায়েদে আজম হলের রুমেও থাকতেন। বাইরে থাকতেন বেশি। মার্ক্সবাদে অন্যদের দীক্ষিত করতেন।ইপসু থেকে সিরাজ সিকদার যখন ইকসুর ভিপি, তাঁর ক্যাবিনেটেই জিএস ছিলেন ছাত্রলীগ থেকে এসআইএম নূরুন্নবী খান—আমাদের বন্ধু লে. কর্নেল (অব.) নূরুন্নবী খান বীর বিক্রম। কর্নেল নূরুন্নবী পরের বার ভিপি হয়েছিলেন। পরে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং একাত্তরে শুরু থেকেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেন।কয়েক দিন আগে সেক্টর কমান্ডারস ফোরামের ইফতার অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুয়েটের পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন। খুবই উদ্বিগ্ন তিনি এবং সমস্যার আশু সমাধান চান। ষাটের দশকে এবং স্বাধীনতার পর আমরা একসঙ্গে হেঁটেছি রাজপথে মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে। সাদাসিধে মানুষ। মানুষের প্রয়োজন ও মন সম্পর্কে তিনি খুব ভালো জানেন। তবে তাঁকে একটি পদ্ধতির মধ্যে কাজ করতে হয়। তিনি আজ শিক্ষামন্ত্রী। কর্নেল নূরুন্নবী এবং আমি এই আন্দোলনের মধ্যেও ছাত্র-শিক্ষকদের অনুরোধে বুয়েটে গিয়েছি। আমরাও চাই একটি সমাধান। এবং অবিলম্বে। উচ্চমাধ্যমিকের ফল বেরিয়েছে বেশ কয়েক দিন। ছাত্রদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। বুয়েটের অচলাবস্থায় যদি দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের জীবন ক্ষতিগ্রস্ত হয়, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের গায়ে থুতু দেবে।নাহিদ ভাই বললেন, ‘বুয়েটের অচলাবস্থা কাটিয়ে উঠতে অনেক বিশিষ্ট ব্যক্তি কথা বলেছেন। আপনারাও আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলুন এবং অবিলম্বে একটা সমাধানে পৌঁছাতে সাহায্য করুন।’ শিক্ষার্থীদের জীবন নষ্ট হতে দেওয়া যায় না। তারপর কর্নেল নবী এবং আমি রোববার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি।বুয়েটে গত এপ্রিল থেকে শিক্ষকদের যে কর্মবিরতি চলছে, তা কোনো সরকারবিরোধী আন্দোলন নয়। তবে আমাদের দেশের কালচার অনুযায়ী বুয়েটের এই পরিস্থিতি বিরোধী দলগুলো উপভোগ করে থাকবে। কিন্তু এই আন্দোলনে তাদের কোনো বাতাস নেই বলে ধারণা করি। কারণ, এই আন্দোলনে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা প্রায় সবাই আওয়ামী লীগের অবিচল সমর্থক।রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি দেওয়া হয়েছে, তাতে সব কথা আছে। কথা মানে দাবিদাওয়া। তাতে স্বাক্ষর আছে সাড়ে তিন হাজার শিক্ষক-শিক্ষার্থীর। এই মুহূর্তে বুয়েটে কর্মরত ৪১৯ জন শিক্ষকের মধ্যে ৩৬৬ জন, অর্থাৎ প্রায় ৮৮ শতাংশ উপাচার্য ও সহ-উপাচর্যের পরিবর্তন চান। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ শিক্ষার্থী ও শিক্ষক—অন্য কোনো সাধারণ কর্মকর্তা-কর্মচারী নন।বুয়েটের ছাত্র-শিক্ষকদের এই আন্দোলন বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্যে নয়—বুয়েটের মর্যাদা বাড়ানোর আন্দোলন। কোনো ব্যক্তির বিরুদ্ধে যত নয়—অব্যবস্থা ও অনাচারের বিরুদ্ধে। দীর্ঘকালের প্রচলিত ঐতিহ্য ও নিয়মশৃঙ্খলা রক্ষার সংগ্রাম। বুয়েটে ন্যায়-নীতি অনুসরণের যে ধারা শুরু থেকে ছিল, তা অক্ষুণ্ন রাখা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সমর্থন রয়েছে।যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বুয়েটের যাত্রা শুরু হয়েছিল, আজ ৫০ বছর পর বুয়েট সে ঐতিহ্য থেকে দূরে সরে এসেছে। ছাত্র-শিক্ষকের একটি ক্ষুদ্র অংশ নষ্ট দলীয় রাজনীতি থেকে নিজেদের ভাগ্য গড়ে তোলার উদ্দেশ্যে বুয়েটকে একটি ট্র্যাজেডির দিকে ঠেলে দিচ্ছে।বর্তমান উপাচার্য মহোদয় এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। সেটাই তাঁর বড় পরিচয়—কোথায় তাঁর বাড়ি, সেটা বড় নয়। এই বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদে তিনি ছিলেন। তিনি ভালো জানেন, এই প্রতিষ্ঠানের চরিত্র ও নিয়মনীতি। তাঁর চাকরিজীবন শেষ। শুনেছি এলপিআরও শেষ। এই বয়সে তিনি শান্তিতে অবসরজীবন যাপন করলে সেটাই হবে সবচেয়ে সুখী জীবন। তাঁর কাছে আমাদের করজোড়ে অনুরোধ—পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে তিনি নিজেই সঠিক কাজটি করবেন। পদত্যাগ করা পরাজয় স্বীকার করা নয়। কারও কাছে নতিস্বীকার করাও নয়। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্পন্ন প্রদর্শন করা। ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার মধ্যে পরম পরিতৃপ্তি রয়েছে।এবারের এইচএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে, আমাদের উদ্বেগের সামান্য মূল্য দিয়ে, বুয়েটের সমস্যা সমাধানের পথে যাঁরা বাধা, তাঁরা সরে দাঁড়ান। আমাদের শান্তিতে ঘুমাতে দিন এবং বুয়েটকে বাঁচান। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।