বুয়েটের প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলার অপেক্ষা রাখে না, দেশের সর্বাধিক মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরাই অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হয়ে দেশের সেরা প্রতিষ্ঠান বুয়েটে ভর্তি হয়। কিন্তু পরিতাপের বিষয়, কর্তৃপক্ষের খামখেয়ালিপনা, উদাসীনতা নাকি অদক্ষতার কারণে এখানে একটি বছর ছাত্রছাত্রীদের জীবন থেকে ঝরে গেছে। আমার জানামতে, বুয়েটের ২০০৬ ব্যাচের ছাত্রছাত্রীরা এখনো ফাইনাল পরীক্ষায় বসতে পারেনি। অথচ ওই একই ব্যাচের ছাত্ররা এমআইএসটি থেকে বেরিয়েছে এক বছর আগে। এ প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এক বছর পিছিয়ে পড়া যে কি নিদারুণ যন্ত্রণার, তা ভুক্তভোগীমাত্রই জানেন। জানে না শুধু বুয়েটের প্রশাসন।শোনা যায়, প্রাইভেট টিউশনি করে সময় ব্যয় করে ছাত্ররা সময়মতো পরীক্ষা দিতে চায় না, আর শিক্ষকেরাও বাইরে কনসালটেন্সি অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম করে টু পাইস কামাই করেন বলে সময়মতো পরীক্ষা নেওয়ার গরজ তাঁদেরও খুব একটা নেই। কিন্তু এভাবে চলতে থাকলে এই বিশ্ব-র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানটির অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে তা কি তারা ভেবে দেখেছে?কিছু ছাত্র সময়মতো পরীক্ষা দিতে চাইবে না, কিছু শিক্ষক পরীক্ষা নেওয়ার গরজ দেখাবেন না, তাই বলে প্রশাসন তাদের এ ‘মামার বাড়ির আবদার’ মেনে নিয়ে মাসের পর মাস পরীক্ষা পিছিয়ে যাবে? নিকট অতীতে পরীক্ষা পেছানোর মতো কোনো যৌক্তিক কারণ না থাকলেও একটি শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়া সত্যিই মেনে নেওয়া যায় না।একসময় মেডিকেল কলেজগুলোতে এ প্রবণতা ছিল খুব প্রকট। কিন্তু স্বাস্থ্য প্রশাসন তথা মেডিকেল এডুকেশন বিভাগ বছরের তিনটি টার্ম জানুয়ারি, মে ও সেপ্টেম্বরে পরীক্ষা অবশ্যম্ভাবীভাবে নেওয়ায় এ প্রবণতা আর নেই। যার প্রিপারেশন আছে সে পরীক্ষায় অ্যাটেন্ড করবে, যার নেই সে পরবর্তী টার্মে অ্যাটেন্ড করবে, কিন্তু পরীক্ষা সময়মতোই হবে। ৩০ বছর ধরে এ ব্যবস্থা মেডিকেল এডুকেশনে চলে আসছে। দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৭০টির মতো মেডিকেল কলেজের অধীনে ছয় হাজারের বেশি ছাত্রছাত্রী এভাবে পরীক্ষা দিয়ে সময়মতো পাস করে আসতে পারলে বুয়েটের মতো একটিমাত্র প্রতিষ্ঠান নিয়ে যে বিশ্ববিদ্যালয় তাতে বিনা কারণে সেশনজট কেন হবে, এটি মোটেই বোধগম্য নয়।বুয়েট প্রশাসনকে মনে রাখতে হবে, তারা দক্ষ প্রকৌশলী বানানোর জন্য এসব রত্নতুল্য ছেলেমেয়ের দায়িত্ব নিয়েছে, অভিজ্ঞ গৃহশিক্ষক বানানোর জন্য নয়। আমরা সচেতন অভিভাবকেরা আশা করব, অতীতে যা হয়েছে সেদিকে না তাকিয়ে ভবিষ্যতে যাতে চার বছরেই ছেলেমেয়েরা স্নাতক সম্পন্ন করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে। দেশের মেডিকেল কলেজগুলো এবং সব পাবলিক বিশ্ববিদ্যালয় বহু আগেই প্রথম বর্ষের ক্লাস শুরু হলেও এখনো বুয়েটের ক্লাস শুরু হয়নি। সোনার টুকরা ছেলেমেয়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের স্বপ্নের প্রতিষ্ঠানের ক্লাস শুরুর স্মরণীয় দিনটির জন্য। আশা করি, কর্তৃপক্ষ তাদের দিকে নজর দেবে।একজন অভিভাবকমিরপুর, ঢাকা।