বৃত্তি এবং স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ ফেব্রুয়ারি চিঠিপত্র কলামে একজন অভিভাবক অষ্টম শ্রেণীর বৃত্তি নিয়ে যে বাণিজ্য চলছে, তা তুলে ধরেছেন। আমিও একই মত ব্যক্ত করছি।জেএসসিতে এ-প্লাস পাওয়াটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখা যায়, যার ক্লাসের রোল এক, সেও এ-প্লাস পায়, আবার রোল ৬৫, সেও এ-প্লাস পায়। তাই বলে দুজনের পড়াশোনার মান কি সমান? মেধা কি সমান? আগে জানতাম, মেধাবীদের স্বীকৃত করার একটি মাধ্যম হচ্ছে বৃত্তি। কিন্তু এই বৃত্তিই যদি মেধার সঠিক মূল্যায়ন করতে না পারে, তাহলে বৃত্তির মূল্যটা কোথায়?এবারের জেএসসিতে দেখা গেছে, যারা ক্লাসের প্রথম দিকের ছাত্রছাত্রী, তারা বৃত্তি না পেয়ে যাদের ক্লাস রোল ৩০-৪০-এর ঘরে, বেশির ভাগ বৃত্তি তারাই পেয়েছে। জেএসসি নিয়ম চালু না থাকলে যারা বৃত্তি পরীক্ষায় অংশই নিতে পারত না, যারা স্কুলে কখনো এ-প্লাসই পায় না, তারাই যদি বৃত্তির যোগ্য হয়, তাহলে ভালো ছাত্রছাত্রীদের মেধার কি এভাবেই অবমূল্যায়ন ঘটতে থাকবে? আমি এমন বলছি না যে, পেছনের দিকের একটা শিক্ষার্থীর পক্ষে কখনোই ভালো করা সম্ভব নয়। হ্যাঁ, চেষ্টা, উদ্যম, পরিশ্রম তাকে সব সাফল্য এনে দিতে পারে। কিন্তু তাই বলে যারা বৃত্তি পেল, তাদের বেশির ভাগই পেছনের দিকের শিক্ষার্থী, কেবল দু-একজন ভাগ্যক্রমে প্রথম সারির—সেটা কি অবাক করার মতো নয়?আমার একজন সহপাঠী বৃত্তি পায়নি বলে রাগ করে নাকি বই পুড়িয়ে ফেলেছে। এটা হয়তো একটা পাগলামি। কিন্তু পুরো এক বছরের চেষ্টা, পরিশ্রমের প্রাপ্য যদি এই হয়, তাহলে কষ্টটা আমার মতো ভুক্তভোগী যারা, তারাই বুঝতে পারবে। অভিভাবকদের কষ্টের মাত্রাটা তো আরও বেশি। কিন্তু এই কষ্টের প্রতিদান কি এই?যদি নাম্বারের ওপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হয়, তাহলে সেই ভিত্তিটা কেন জানতে পারব না? যারা মেধাবীদের উদ্যম, পরিশ্রমকে এভাবে ব্যর্থ করে দিচ্ছে, তারা জানে না দেশের কত বড় ক্ষতি করছে। এ বিষয়ে ভাববার সময় কি এখনো আসেনি?ইসরাত আরাআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।