প্রিয় হুগো,তোমার ভালোবাসার দেশে তোমার আপন জনগণের মাঝে ফিরতে পেরেছ জেনে ব্যাপক খুশি হয়েছি। তোমার অসুস্থতার ও রাজধানীতে অনুপস্থিতির দীর্ঘ সময়জুড়ে যে জনগণ তোমার প্রতি এত বিপুল পরিমাণ সমর্থন জানিয়ে গেছে, তুমি এখন তাদের মধ্যে। এর চেয়ে খুশির আর কী হতে পারে?এই সফলতায় পৌঁছানোর জন্য তোমাকে দীর্ঘ ও কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে। কিন্তু খুবই প্রয়োজনীয় ছিল এই অপেক্ষার সংগ্রাম। ১০ বছর ধরেই তুমি অসুস্থ আছ। তার পরও চিকিৎসকদের নিবেদিতপ্রাণ যত্ন আর তোমার শারীরিক সহনক্ষমতাই তোমাকে বাঁচিয়ে রেখেছে। আর এই পুরোটা সময় তোমার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা একটানা তোমার পাশে ছিল। তারা তোমাকে ভরসা দিয়ে গেছে। বিপ্লবী নেতাদের মধ্যে তোমার সঙ্গীরা তোমাকে ভরসা দিয়ে গেছে। তোমার হাতে নতুন করে গঠিত ও পুনরায় অস্ত্রসজ্জিত তোমার বলিভারীয় সেনাবাহিনীর সমর্থনও তুমি পেয়েছ। (লাতিন আমেরিকার স্বাধীনতার নায়ক সিমন দ্য বলিভারের আদর্শে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে একের পর এক জাতীয়সমাজতান্ত্রিক ধারার বিপ্লব বলিভারীয়বিপ্লব হিসেবে পরিচিত—অনুবাদক) সারা দুনিয়ার ন্যায়বান মানুষেরাও তোমার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে গেছে। কেউ তোমাকে ভোলেনি।বিশেষ করে বলতে হবে, ভেনেজুয়েলার অসাধারণ জনগণের কথা। প্রতিটি দিন তারা প্রকাশ্যে তোমার প্রতি যে সাহস ও সমর্থন জানিয়ে গেছে, তা এক অতুলনীয় ঘটনা। সৌভাগ্যক্রমে তোমার আবার ভেনেজুয়েলায় ফিরতে পারা এদের সবার অবদানেই সম্ভব হয়েছে। হুগো, গত কয়েক বছরের কঠিন সংগ্রাম, ত্যাগ ও যন্ত্রণার মধ্যে দিয়ে তুমি জীবন সম্পর্কে অনেক কিছুই জেনেছ। এখন আর তুমি কিউবায় নেই। তাই আগের মতো প্রতিদিন তোমার খবর আর আমরা পাব না। এখন আমাদের আবার ফিরে যেতে হবে আগের পদ্ধতিতে। অর্থাৎ গত কয়েক বছরের মতো চিঠিপত্রের মধ্য দিয়েই আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। যত দিন আমরা বাঁচব, তত দিন মানুষের মধ্যে থেকে ন্যায়বিচারের জন্য লড়াই করে যাব। সামনের বছর, মাস, দিন বা ঘণ্টাগুলোকে আমরা ভয় পাব না। কারণ, আমরা জানি আমাদের মানবজাতি এখন সবচেয়ে ক্রান্তিকাল পার করছে। এই অবস্থার মধ্যে বেঁচে থেকেই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। আমাদের জনগণ (কিউবার জনগণ) একই সঙ্গে তোমারও জনগণ—তারাও তোমার চিঠি মারফত তোমার ভেনেজুয়েলায় প্রত্যাবর্তনের খবর সম্পর্কে অবহিত হবে। সবকিছু এত সতর্কতার সঙ্গে করতে হয়েছে, কারণ, ভেনেজুয়েলার ফ্যাসিবাদী গোষ্ঠীগুলো যাতে বিপ্লবকে ধ্বংস করায় আবার নির্লজ্জ আক্রমণের পরিকল্পনা করার সুযোগ না পায়। বিপ্লবকে ব্যাহত করার কোনো সুযোগ আমরা তাদের দিতে চাই না। বিশ্বব্যাপী যখন সমাজতান্ত্রিক শিবির ধসে পড়ল এবং যখন ভেঙে গেল সোভিয়েত ইউনিয়ন, সাম্রাজ্যবাদ তখন চেয়েছিল অবরোধের ধারালো ছুরি মেরে কিউবাকে থামিয়ে দিতে। তারা প্রকাশ্যে কিউবার বিপ্লবকে রক্তের বন্যায় ভাসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। বিভক্ত আমেরিকা মহাদেশের একটি ছোট রাষ্ট্র হয়েও ভেনেজুয়েলাকেও তারা একই শাস্তি দিতে চেয়েছে। এখনো তারা সেই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সত্য হলো কিউবা টিকে আছে মাথা উঁচু করে, ভেনেজুয়েলাও টিকে থাকবে আত্মবিশ্বাসের সঙ্গে। আমাদের সঙ্গে ছিল বিশ্বের অনেক অনেক দেশের সমর্থন। বিশেষ করে ভেনেজুয়েলা তার অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কিউবার জন্য বিরাট আশীর্বাদ হয়ে এসেছে। আর সেই সামর্থ্যও তোমার দেশের আছে, হুগো। এ কারণেই বিশ্বের সব সৎ মানুষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের স্বাস্থ্যের খোঁজখবর নিতে উদ্গ্রীব হয়ে থেকেছে। এটা তোমার প্রতি তাদের ভালোবাসারই প্রমাণ। বিপ্লব দীর্ঘজীবী হোক। ফিদেল কাস্ত্রো রুজ। ফিদেল কাস্ত্রোর এই চিঠিটি কিউবার দি গ্র্যানমা ইন্টারন্যাশনাল থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত ফিদেল কাস্ত্রো: কিউবান বিপ্লবের নেতা, সাবেক রাষ্ট্রনায়ক, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের বন্ধু।