বেকারত্বই প্রধান সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক ধরে বাংলাদেশে দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে এবং গত দুই বছরে ৭ শতাংশে উন্নীত হলেও কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবমতে, বাংলাদেশে কাজ করেন এমন মানুষের সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ। অথচ জনসংখ্যা ১৬ কোটিরও বেশি। আইএলওর ডিসেন্ট ওয়ার্ক ডিকেড এশিয়া প্যাসিফিক ও আরব স্টেটস জানাচ্ছে, বাংলাদেশে ৪০ শতাংশ তরুণ নিষ্ক্রিয়। অর্থাৎ, তাঁরা পড়াশোনা করছেন না, আবার কাজও করছেন না। জরিপ অনুযায়ী বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি।

আমাদের দেশে প্রতিবছর লাখ লাখ জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করলেও এর উল্লেখযোগ্য অংশ কাজ পায় না। আবার এই কাজ না পাওয়া জনশক্তির বিরাট অংশ শিক্ষিত ও উচ্চশিক্ষিত। কয়েক বছর আগে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট জানিয়েছিল, বিশ্বে বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। অন্যদিকে অনেক ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত জনবল না থাকায় বিদেশ থেকে জনশক্তি আমদানিও করতে হচ্ছে। এ থেকে ধারণা করা কঠিন নয় যে আমাদের শিক্ষাব্যবস্থা কতটা ভঙ্গুর ও অকেজো।

বিবিএসের তথ্য অনুযায়ী ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুলাই মাস পর্যন্ত দেড় বছরে কর্মসংস্থান বেড়েছে মাত্র ১৪ লাখ। এক দশক আগে প্রতিবছর গড়ে প্রায় সাড়ে ১৩ লাখ কর্মসংস্থান বাড়ত। যেখানে জনসংখ্যা ও প্রবৃদ্ধির সঙ্গে তাল রেখে কর্মসংস্থান বাড়ার কথা, সেখানে তা কমে যাওয়া খুবই উদ্বেগের বিষয়।

এই প্রেক্ষাপটে অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে কর্মসংস্থান বাড়াতেই হবে। কৃষিতে নতুন কর্মশক্তি নিয়োগের সুযোগ কম। তাই দেশের শিল্পায়ন ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরির বিকল্প নেই। আর সে জন্য চাই প্রয়োজনীয় অবকাঠামোর সঙ্গে বিনিয়োগের অনুকূল পরিবেশ। এ নিয়ে অনেক কথা হয়েছে, এবার কাজে মনোযোগ দিন।