বেকারত্বের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বেকারত্ব যে ভয়াবহ, তার কিছুটা আঁচ পাওয়া গেল গত বৃহস্পতিবার যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত চাকরি মেলায় আসা প্রার্থীদের ঢল দেখে। এটি সাধারণ চাকরি মেলা বা আয়োজন ছিল না। আয়োজকেরা আগেই জানিয়ে দিয়েছিল ৩১টি তথ্যপ্রযুক্তি কোম্পানি মেলায় অংশ নেবে। তথ্যপ্রযুক্তি বিষয়ে যাদের জ্ঞান বা কাজের অভিজ্ঞতা আছে, তাদের জন্যই এই মেলার আয়োজন।

প্রথম আলোর খবর অনুযায়ী উদ্যোক্তারা আশা করেছিল তিন হাজারের মতো চাকরিপ্রার্থী সেখানে হাজির হবেন। বলা হয়েছিল, মেলায় চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত দেখে একাধিক পদের জন্য সরাসরি কর্মী বাছাই করা হবে। কিন্তু মেলায় আসা চাকরিপ্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১০ হাজারের বেশি। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একপর্যায়ে পুলিশকে লাঠিপেটা করতে হয়। শেষ পর্যন্ত চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বাক্সে জীবনবৃত্তান্ত রেখে চলে গেছেন।

শুধু যশোর নয়, আশপাশের জেলা থেকেও বহু চাকরিপ্রার্থী মেলায় এসেছিলেন বেকারত্ব দূর করার আশায়। এ থেকে ধারণা করা অসম্ভব নয় যে দেশে শিক্ষিত বেকারের হার কত বেশি। মেলা উদ্বোধনকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ আগামী তিন বছরে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে তিন লাখ তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তোলা এবং ২০২১ সালের মধ্যে ২০ লাখ লোককে চাকরি দেওয়ার কথা বলেছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে বাংলাদেশে বেকারের সংখ্যা ২৬ লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা অনেক বেশি। কয়েক বছর আগে ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বে বাংলাদেশেই শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। বর্তমানে পরিস্থিতির উন্নতি ঘটেছে বলা যাবে না। প্রতিবছর ২০-২২ লাখ লোক শ্রমবাজারে ঢুকলেও কাজ পায় তার এক-তৃতীয়াংশেরও কম।

দেশ অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় ও আয়ু দুটোই বেড়েছে। কিন্তু কর্মসংস্থানের জন্য যে বিনিয়োগ দরকার তার যথেষ্ট ঘাটতি লক্ষ করা যাচ্ছে। আইসিটি প্রতিমন্ত্রী যে তিন বছরে ২০২১ সালের মধ্যে ২০ লাখ তরুণকে চাকরি দেওয়ার কথা বলেছেন, ওই সময়ে কত লাখ তরুণ শ্রমবাজারে আসবে, সেটিও মাথায় রাখা প্রয়োজন।

অন্যদিকে আমাদের বিদেশি শ্রমবাজার সংকুচিত হয়ে পড়েছে। এ অবস্থায় উন্নয়ন কৌশলে কর্মসংস্থানকেই এক নম্বর অগ্রাধিকার করার পাশাপাশি তা যথাযথ বাস্তবায়নের প্রতি সরকারকে মনোযোগী হতে হবে। বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে উন্নয়নের সব পরিকল্পনাই মুখ থুবড়ে পড়বে।