দেশে বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচির গতি শ্লথ হয়ে পড়া নিয়ে রোববার প্রথমআলোতে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সত্যিই উদ্বেগজনক। অবস্থা এতটাই সঙিন হয়েছে যে একসময় যেখানে প্রতি মাসে প্রায় ৮০ হাজার বাড়িতে সৌরবিদ্যুতের সংযোগ স্থাপন করা হতো, সেখানে এখন তা ৮ হাজারে নেমে এসেছে।
প্রতিবেদনে যে কারণগুলোকে এই অবস্থার জন্য দায়ী করা হয়েছে সেগুলোও অনভিপ্রেত। যেসব এলাকা বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচির আওতায় আনা হয়েছিল, সেসব এলাকা জাতীয় গ্রিডের আওতার বাইরে থাকার কথা। কিন্তু সেসব এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ যাওয়ায় সেখানকার মানুষ সৌরবিদ্যুৎ নিচ্ছেন না। বোঝাই যাচ্ছে, পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কোনো সমন্বয় ছিল না। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) অধীনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের উদ্যোগটি নিঃসন্দেহে ভালো ছিল। কিন্তু এ ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। গ্রাহকদের নিম্নমানের প্যানেল সরবরাহ করা হয়েছে। কর্মসূচির অগ্রগতিতে এটি বাধার সৃষ্টি করেছে। এ ছাড়া খোলাবাজারে বেশি দামে সৌরবিদ্যুতের নিম্নমানের প্যানেল বিক্রির কারণেও মানুষ সৌরবিদ্যুৎ নেওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। এটা পরিষ্কার, সমন্বয়হীন পরিকল্পনা ও দুর্নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২০০৩ সালে সরকারিভাবে শুরু হওয়া সৌরবিদ্যুৎ কর্মসূচি দেশে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি পৃথিবীর অন্যতম দ্রুত সম্প্রসারণশীল সৌরবিদ্যুৎ কর্মসূচি হিসেবেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই কর্মসূচির অধীনে ইতিমধ্যে প্রায় ৪১ লাখ বাড়ি সৌরবিদ্যুতের আওতায় এসেছে। প্রায় ২ কোটি মানুষ এই বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাচ্ছে। কিছু মানুষের দুর্নীতি ও লোভের কারণে এমন একটি কর্মসূচির থমকে যাওয়ার বিষয়টি কোনোভাবেই কাম্য হতে পারে না।
বিশ্বের দেশে দেশে যেখানে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে এবং লোকজনকে তা ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে, সেখানে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে তা কমছে। জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুতের দিকে মনোযোগী না হয়ে উপায় নেই। আমরা আশা করব, বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি যেসব বাধার কারণে গতি হারিয়েছে, তা দূর করতে সরকার জরুরি পদক্ষেপ নেবে।