বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাঠামোই এমন যে উপাচার্যই সবকিছুর নিয়ন্ত্রক। তিনিই প্রশাসনিক প্রধান। বিশ্ববিদ্যালয়ের আইনে বলা আছে, উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়াদি ছাড়াও শিক্ষক–শিক্ষার্থীদের সমস্যার সমাধান করবেন, এটাই প্রত্যাশিত। তাঁর দীর্ঘ অনুপস্থিতিতে যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকে দায়িত্ব পালন করছেন ক্যাম্পাসে গরহাজির থেকেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘অধিকার সুরক্ষা পরিষদ’–এর নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১ হাজার ৩০০ দিনের মধ্যে উপাচার্য ক্যাম্পাসে এসেছেন মাত্র ২০০ দিন। ১ হাজার ১০০ দিনই গরহাজির ছিলেন। উপাচার্যের ক্যাম্পাসে উপস্থিতির দাবিতে শিক্ষক-কর্মকর্তারা তিন বছর ধরে আন্দোলন করে আসছেন, কাজ হয়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার তাঁরা সহ-উপাচার্য সরিফা সালোয়াকে সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং একটি স্মারকলিপি দেন। ক্যাম্পাসে উপাচার্যের উপস্থিতির দাবিতে সহ-উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনা বাংলাদেশে সম্ভবত এই প্রথম।

স্মারকলিপিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে সার্বক্ষণিক উপস্থিত থাকার শর্তে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ১ নম্বর শর্তে বলা হয়েছে, ‘তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।’ কিন্তু রাষ্ট্রপতির দেওয়া নিয়োগের শর্ত লঙ্ঘন করে উপাচার্য ধারাবাহিকভাবে মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থাকছেন। বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি; সবকিছু তিনি ভঙ্গ করেছেন।

অধিকার সুরক্ষা পরিষদ ঢাকায় লিয়াজোঁ অফিসের নামে কোটারি সৃষ্টি ও নানা অপকর্ম বন্ধেরও দাবি জানিয়েছে। তারা মনে করে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে পড়ার জন্য প্রধানত উপাচার্যই দায়ী। উপাচার্যের বিরুদ্ধে আরও যেসব অভিযোগ আছে, তার মধ্যে বয়েছে নিজেই ডিন ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করা। বিভিন্ন কোর্স খুলে নামমাত্র পড়িয়ে বা না পড়িয়ে মোটা অঙ্কের পারিতোষিক নেওয়া।

অধিকার সুরক্ষা পরিষদের অভিযোগ, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে স্বেচ্ছাচারী কায়দায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। তিনি আইন ও বিধি কিছুই মানেন না। অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছে।

প্রত্যাশা ছিল, নারী আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালিত হবে। বিশ্ববিদালয় প্রশাসন সব দুর্নীতি ও অনিয়মের ঊর্ধ্বে থাকবে। দুর্ভাগ্যের বিষয়, বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরুর পর থেকে নানা অনিয়মের শিকার। এর দ্বিতীয় উপাচার্য এম এ জলিলকে দুর্নীতির দায়ে জেল খাটতে হয়েছে। তৃতীয় উপাচার্য নুরুন্নবীকে আন্দোলনের মুখে চলে যেতে হয়েছে। বর্তমান উপাচার্যের নানা অনিয়ম সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থীরা।

আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘খণ্ডকালীন’ উপাচার্যের অবসান চাই। আশা করি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন থেকে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকবেন। যদি বিশ্ববিদ্যালয়ের প্রতি উপাচার্যের ন্যূনতম ভালোবাসা থাকে, তাঁর উচিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাহচর্যে থাকা। তাঁদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা; ক্যাম্পাসে না থেকে যা কখনোই সম্ভব নয়।