শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ছয়জন শিক্ষক-কর্মকর্তার ওপর জারি করা সাময়িক বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি বানচাল করতে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ও এরপর আন্দোলনকারীদের ওপর দফায় দফায় পুলিশের হামলা এবং শিক্ষক-কর্মকর্তাসহ ৭০ জনকে আহত করার পেছনে কার বা কাদের হাত রয়েছে, তা স্পষ্ট। ককটেল বিস্ফোরণের ঘটনা তারাই ঘটিয়েছে, যারা গত জানুয়ারিতে দুর্নীতিবিরোধী মঞ্চে হামলা চালিয়ে দুজন শিক্ষককে আহত করেছিল। সেই হামলার এক আসামি বমাল ধরাও পড়েছে। এসব অঘটনের দায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কীভাবে এড়াবেন? শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ইতিমধ্যে ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এটা পুরোনো খবর যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল জলিলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণিত হলেও সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তিনি স্বেচ্ছায় পদত্যাগও করেননি। বরং তাঁর দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁদের নানাভাবে হয়রানি করা হয়। উপাচার্যের একগুঁয়েমির কারণেই যে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এটা এখন স্পষ্ট, বর্তমান উপাচার্য পদে বহাল থাকা অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফিরে আসবে না। বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আন্দোলনের কর্মসূচি দিয়ে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা। অধিকাংশ শিক্ষক-কর্মকর্তার বিরোধিতা সত্ত্বেও উপাচার্য কেন গায়ের জোরে থাকতে চাইছেন? সিন্ডিকেটের সভায় ছয়জন শিক্ষক-কর্মকর্তার সাময়িক বহিষ্কারাদেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও পরিস্থিতির উন্নতির আশা কম। এ আদেশ নিঃশর্ত প্রত্যাহারের বিকল্প নেই। একটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হওয়ার জন্য যে নৈতিক মনোবল, প্রশাসনিক দক্ষতা ও সততা থাকা দরকার, তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আছে কি না, সে ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। অভিভাবক প্রতিষ্ঠান ইউজিসির তদন্ত প্রতিবেদনে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার পর তাঁকে আর এক মুহূর্তও উপাচার্য পদে রাখার যুক্তি নেই। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকার তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে এনেছে। আমরা এ ব্যাপারে আর বিলম্ব দেখতে চাই না। তবে বিশ্ববিদ্যালয় থেকে তাঁর অপসারণই একমাত্র প্রতিকার নয়। তাঁর বিরুদ্ধে যেসব দুর্নীতি ও অনিয়মের আভিযোগ আছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে হবে। উপাচার্য থাকাকালে তিনি নিয়মবহির্ভূতভাবে যাঁদের নিয়োগ দিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাঁদের বেতন-ভাতা দেওয়া হলে তা-ও ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো ব্যক্তির একগুঁয়েমির জন্য নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের দিকে যাক, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়।