সুন্দরবন ও তার বাঘ একসঙ্গেই বিপন্ন। বাঘ গণনা জরিপ-২০১৫ জানাচ্ছে, সুন্দরবনে এখন মাত্র ১০৬টি বাঘ রয়েছে! গত এক দশকে বাঘের সংখ্যা চার ভাগের এক ভাগে নেমেছে। বাংলাদেশের জাতীয় প্রাণী, জাতীয় অহংয়ের প্রতীক, সুন্দরবনের রক্ষক, জাতীয় ক্রিকেট দলের প্রতীক প্রবাদপ্রতিম বেঙ্গল টাইগার ধ্বংসের পথে। শিকারি ও পাচারকারীদের সঙ্গে এখন যোগ হয়েছে সরকারের বনবিরোধী কর্মকাণ্ড। এখনই বাঘ রক্ষায় সর্বাত্মক পদক্ষেপ না নিলে বাঘ বিনাশের দায় সরকারকেই নিতে হবে। ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্ম বাঘের রাজা বেঙ্গল টাইগারের বিলুপ্তি ক্ষমা করবে না।
সাম্প্রতিক বাঘ গণনা জরিপের পর সুন্দরবনে বাঘের সংখ্যা বিষয়ে নির্দিষ্ট তথ্য মিলেছে। এই নিশ্চয়তার অপর নাম বাঘ বিলুপ্তির আতঙ্ক। আন্তর্জাতিক বাঘ চোরাকারবারিদের প্রতিনিধি দুর্বৃত্ত শিকারিরা বাঘের চামড়াসহ তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ চড়া দামে বিক্রির ব্যবসা চালিয়েই যাচ্ছে। প্রায়ই দেশের বিভিন্ন স্থান থেকে বাঘের চামড়া উদ্ধার হতে দেখা যায়। বন বিভাগ ও সরকার গতানুগতিকভাবে যা করেছে, তা রক্ষার বদলে ধ্বংসের সহায়কই হয়েছে বেশি।
মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে সরকারের রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, বনের ভেতর দিয়ে প্রবাহিত শ্যালা নদীতে জাহাজ চলাচলে অনুমতি দান এবং বনের আশপাশে বিভিন্ন কায়েমি স্বার্থের কর্মকাণ্ড। দেশের সজাগ নাগরিক মহল, পরিবেশ সংগঠন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এসব কার্যক্রম বন্ধের দাবি করে আসছে। কিন্তু সরকার সুন্দরবন ও রাজকীয় বঙ্গীয় বাঘের জন্য সর্বনাশা প্রকল্পগুলো থেকে সরে আসেনি। এমনকি যে ভারতীয় বিনিয়োগে বিদ্যুৎকেন্দ্র হওয়ার কথা, বাঘ গণনায় জড়িত সেই ভারতেরই বন বিশেষজ্ঞ এসব প্রকল্প আর বাঘের অস্তিত্ব একসঙ্গে চলবে না বলে জানিয়েছেন।
বাঘ বাঁচাতে এখন প্রধানমন্ত্রীর উদ্যোগই ভরসা!