সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পদোন্নতির নতুন নিয়ম হরিষে বিষাদ হয়েছে। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বৈষম্য বেড়েছে বলে অভিযোগ করছে সরকারি জনবলের বিরাট একটি অংশ। প্রশাসন ক্যাডাররা ছাড়া বলা চলে জনপ্রশাসনের বাকি সব বিভাগেই এই অসন্তোষ ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় ও কলেজশিক্ষক এবং বাংলাদেশ ব্যাংক কর্মচারীদের আন্দোলন। সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীর বেফাঁস উক্তি এই পরিস্থিতিকে আরও ভারী করে তুলেছে। খুব দ্রুত ন্যায্যতার ভিত্তিতে এর সমাধান করা না হলে বিষয়টা কারও জন্যই ভালো হওয়ার কথা নয়।
বেতন নিয়ে স্বস্তির বদলে অস্থিরতাসরকারের ২১ লাখ জনবলের বড় অংশই ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমপর্যায়ের সরকারি কর্মকর্তাদের বেতনবৈষম্য চোখে পড়ার মতো। তা ছাড়া, তাঁদের গ্রেড-১-এ যাওয়ার সুযোগও কমবে। সরকারি কলেজশিক্ষকদের পদের অবনমন ঘটবে বলেও ধারণা করা হচ্ছে। চাকরির শুরুতে গ্রেড নির্ধারণের বেলায় নন-ক্যাডাররা এক ধাপ নিচে থাকবেন। স্পষ্টতই প্রশাসনই থাকছে বেতন ও মর্যাদাপ্রাপ্তির দিক থেকে অগ্রাধিকার পাওয়ার আসনে। স্বভাবতই এটি সরকারের অন্যান্য বিভাগের কর্মচারীদের পক্ষে মানা কঠিন। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদেরও অভিযোগ গ্রেড-বৈষম্য। অনুরূপ কিছু অভিযোগ নিয়ে আন্দোলনে আছেন প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডারের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থাও তথৈবচ। শিক্ষা পেশার গুরুত্ব অপরিসীম। শিক্ষকেরা জাতির জন্য লোকবল, চিন্তা, পথনির্দেশনা তথা ভাবসম্পদে সমৃদ্ধ মানুষ তৈরি করবেন। তাঁদের অবদানেই দেশের সব ক্ষেত্রের লোকবল যোগ্য হয়ে ওেঠ। এ কারণেই এ পেশাকে কর্মঘণ্টা এবং তাৎক্ষণিক কর্মফল দিয়ে বিবেচনা করা সমীচীন হবে না। উচ্চবেতন ও অবকাশে গবেষণা ও চিন্তা বিনিময়ের সুযোগ উচ্চশিক্ষার জরুরি অংশ।
এ পরিপ্রেক্ষিতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়া যাবে না। সরকারের জাতীয় বেতন কমিশন ও সচিব কমিটির সুপারিশ এবং মন্ত্রিসভার অনুমোদিত সারসংক্ষেপের সুপারিশ বদল করা উচিত হয়নি। যে সিদ্ধান্ত অধিকাংশকে অসন্তুষ্ট করে, তা বাদ দেওয়াই সবার জন্য মঙ্গলজনক।