পৃথিবীর বহু দেশ আছে, যেখানে ৭০ লাখ মানুষ নেই। অথচ বাংলাদেশে বর্তমানে মাদকাসক্তের সংখ্যা ৭০ লাখের বেশি। তার মানে, দেশের মোট লোকসংখ্যা ১৬ কোটি ধরলে বলা যায়, প্রায় প্রতি ২৩ জনে একজন মাদকাসক্ত। উদ্বেগের ব্যাপার হলো, সামাজিকভাবে এসব মাদকসেবীকে স্রেফ অপরাধী হিসেবে দেখা হয়। তাদের কোণঠাসা করে ফেলা হয়।
মাদকাসক্তি যে একধরনের অসুস্থতা, সম্মিলিত সহমর্মিতা দিয়ে যে এই অসুস্থতা সারিয়ে তোলা সম্ভব, সেই চেতনাই উবে যেতে বসেছে। সমাজে এই ধারণা একধরনের প্রতিষ্ঠাও পেয়ে গেছে যে মাদকাসক্ত ব্যক্তিদের আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এই নৈরাশ্যবাদী চিন্তা থেকে সমাজকে বের করে আনার পেছনে বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাজ করছে। সরকারও এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। কিন্তু এ কথা এখনো ভালোভাবে জনগণের কাছে পৌঁছেনি।
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকার ১০০ শয্যার একটি কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র খুলেছে। সম্পূর্ণ বিনা খরচে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। অথচ এখানে গড়পড়তা ৮০ জন রোগী ভর্তি থাকে। ২০টি শয্যা খালি থাকছে। ব্যয়বহুল বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোতে যেখানে রোগীর প্রচুর চাপ, সেখানে সরকারি নিরাময় কেন্দ্রের বিনা মূল্যের শয্যা খালি কেন, তা ভেবে দেখার বিষয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মাদকাসক্তি নিয়ে ভুক্তভোগী অনেক পরিবার সরকারি কেন্দ্রটির কথা জানে না। আবার সরকারি কেন্দ্রে মানসম্মত চিকিৎসা পাওয়া যাবে না বলেও অনেকের ধারণা। এ কারণেই এখানে শয্যা খালি থাকছে।
নিরাময় কেন্দ্রটির কথা যদি ভুক্তভোগী পরিবারগুলোর কাছে অজানা থাকে, তাহলে খুব দ্রুত এ বিষয়ে সরকারি উদ্যোগে প্রচার চালানো দরকার। আর সরকারি প্রতিষ্ঠানে মানসম্মত চিকিৎসা পাওয়া যাবে না—এ ধারণার কারণে যদি রোগী আসতে না চায়, তাহলে চিকিৎসার মানোন্নয়ন করাও সরকারের দায়িত্ব।
রাষ্ট্রকে বুঝতে হবে, শুধু সাজা দিয়ে যদি মাদকাসক্তির সমস্যা থেকে বেরিয়ে আসা যেত, তাহলে ফিলিপাইনে আজ একজন মাদকাসক্ত ব্যক্তিকেও খুঁজে পাওয়া যেত না। সেখানে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে কয়েক হাজার মাদকসেবীর গায়ে ‘অপরাধী’ তকমা দিয়ে মেরে ফেলেছেন। কেবল দুতার্তে নন, ইতিহাসের অনেক রাষ্ট্রনায়ক মনে করতেন, সমাজে যা কিছু ‘অন্যায়’ বলে প্রতিষ্ঠিত হয়, তাকে শায়েস্তা করতে গেলে ‘প্রতি-অন্যায়’ই চমৎকার উপায়। এতে প্রবল জনসমর্থন মেলে। এ কারণে জনতা রবিনহুড বা দস্যু বনহুরকে ভালোবাসে। যেহেতু সমাজের চোখে মাদকাসক্ত ব্যক্তি অপরাধী হিসেবে বিবেচিত, তাই আসক্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত না করার মধ্য দিয়ে সমাজে প্রতি-অন্যায় সংঘটিত হচ্ছে।
মাদকের সমস্যা মোকাবিলা করতে গেলে, এর উৎপাদন ও চোরাচালান বন্ধের উদ্যোগ যেমন নিতে হবে, তেমনি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এই সংকটের কোনো সহজ সমাধান নেই।