মহানন্দা ও পুনর্ভবা বাংলাদেশ ও ভারতের আন্তসীমান্ত নদী। একসময়ের প্রমত্তা নদী দুটি লাগামহীন দখল ও দূষণে এখন মৃতপ্রায়। পৌরসভা থেকে শুরু করে সরকারি ও বেসরকারি সংস্থা কিংবা ব্যক্তি—কেউই বাকি নেই এ কাজে। শুধু চাঁপাইনবাবগঞ্জ অংশেই নদী দুটির ১ হাজার ৭৭১টি স্থান দখল হয়েছে। এর কারণে নদীর গতিপথই পরিবর্তন হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত শনিবার এক কর্মশালায় ভয়াবহ এ তথ্য উঠে এসেছে।
৪৮টি নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশন ও জেলা নদী রক্ষা কমিটির বরাতে প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ও পুনর্ভবা নদীর দখল হওয়া স্থানে ১৫২টি দোকান, ১ হাজার ৫২২টি বসতবাড়ি, ১৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান, ২৫টি ধানের চাতাল ও ৫টি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দখলদার চিহ্নিত হয়েছে ৫৭ জন।
কর্মশালার তথ্য থেকে জানা যাচ্ছে, সিএস রেকর্ড অনুযায়ী নদীতীরের সীমানা, অববাহিকা ও প্লাবনভূমি চিহ্নিত হয়নি। পিলার স্থাপনও হয়নি। অবৈধভাবে দখল করে নদীর জমি ও তীরভূমিকে সংকুচিত করে ফেলা হয়েছে। এতে বাধাগ্রস্ত হয়েছে নদীর স্বাভাবিক প্রবাহ। পরিবর্তন হয়েছে গতিপথ। নদী দুটির সঙ্গে অনেক খালের সংযোগমুখ ভরাট ও বন্ধ হয়ে যাচ্ছে। ১৪টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। পৌরসভা ও বাজারগুলোর বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় নদীদূষণের সৃষ্টি হচ্ছে।
দখলের মাধ্যমে নদীর স্বাভাবিকতা নষ্ট করে ফেলায় মহানন্দা ও পুনর্ভবায় ব্যাপক বন্যা ও নদীভাঙনের সৃষ্টি হচ্ছে। অথচ উচ্ছেদ কার্যক্রম খুবই সীমিত ও আইনের প্রয়োগে শিথিলতাও রয়েছে। দেশের নদীগুলোকে বাঁচিয়ে রাখার মতো একক কোনো মন্ত্রণালয়, কমিশন, অধিদপ্তর নেই। নদী দেখভালে যেসব মন্ত্রণালয় রয়েছে, তাদের মধ্যেও সমন্বয় নেই। কর্মশালায় নদীকে দূষণমুক্ত করা এবং পরিবেশসংক্রান্ত আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০), দণ্ডবিধির ১৩৩ ধারাসহ অন্যান্য ধারার প্রয়োগের সুপারিশ করা হয়।
আমরাও মনে করি, মহানন্দা, পুনর্ভবাসহ বাংলাদেশের নদ-নদী রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, জেলা প্রশাসন ও স্থানীয় সরকারগুলোর মধ্যে সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নদী দুটির দখল করা স্থান চিহ্নিত হওয়ায় সেটাকে একধাপ অগ্রগতি বলা যায়। এখন চিহ্নিত স্থানগুলো দ্রুত দখলমুক্ত করে মহানন্দা ও পুনর্ভবাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। দখলদারদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।