বেনাপোল স্থলবন্দরে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী বেনাপোল বন্দরে এক যাত্রীর মালামাল আটককে কেন্দ্র করে অভিবাসন পুলিশ ও শুল্ক কর্মকর্তাদের মধ্যকার বিরোধের জের ধরে পুলিশ পাঁচ শুল্ক কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে। এ ব্যাপারে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। শুল্ক কর্মকর্তারা বলেছেন, ভারত থেকে আসা এক যাত্রী ৮ লাখ ৩৪ হাজার টাকার অবৈধ মালামাল নিয়ে আসছিলেন। শুল্ক কর্মকর্তারা সেই মালামাল আটক করলে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়। আর পুলিশের ভাষ্য হলো ওই যাত্রীর কাছে ঘুষ চেয়েছিলেন শুল্ক কর্মকর্তারা। কেউ যাত্রীর কাছে ঘুষ চাইলে তার যেমন আইনি প্রতিকার আছে, তেমনি কেউ অবৈধভাবে মালামাল নিয়ে এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি পথ আছে।

কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে সরকারের দুই বিভাগের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা কেন ঘটবে? কেন শুল্ক কর্মকর্তাদের পিটিয়ে আহত করা হবে? বিশৃঙ্খল অবস্থার কারণে দেড় ঘণ্টা বন্দরের কাজ বন্ধ ছিল। এতে বিপুলসংখ্যক যাত্রী দুর্ভোগে পড়েছেন। বেনাপোল বন্দর দিয়ে স্থলপথের ৮০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীও আসা-যাওয়া করে থাকেন এই বন্দর দিয়ে।

শুল্ক কর্মকর্তা হোন আর পুলিশ হোক, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। একটি বন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে সদ্ভাব থাকতে হয়। কিন্তু বেনাপোলে দায়িত্বরত ব্যক্তিদের মধ্যে সদ্ভাব তো নেই-ই, বরং তাঁরা মারামারিতে লিপ্ত হচ্ছেন। এর পেছনে কী রহস্য আছে খুঁজে বের করা দরকার। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে হবে। আমরা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। যেহেতু ঘটনার সঙ্গে বন্দরের শুল্ক কর্মকর্তা ও পুলিশ জড়িত, সেহেতু তৃতীয় কোনো সংস্থার লোকদের দিয়েই তদন্ত হওয়া উচিত।

অবিলম্বে বেনাপোল স্থলবন্দরে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।