নির্মাণের তিন বছরেও যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল চালু না হওয়াটা সরকারি কাজে গাফিলতির একটি চরম উদাহরণ। যাত্রী টার্মিনালটি চালু না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশ ও ভারতের যাত্রীরা। পাসপোর্ট ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় রাস্তার ওপর দাঁড়িয়ে তাঁদের অপেক্ষা করতে হয়।
প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেনাপোল স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মাণ করা হয়েছে এই আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক ট্রেডিং করপোরেশন নির্ধারিত সময়ে কাজ শেষ করে ২০১৩ সালের নভেম্বর মাসে ভবনটি বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সেই থেকে সাড়ে সাত কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি পড়ে আছে। আর ভোগান্তি সহ্য করতে হচ্ছে বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে প্রতিদিন গড়ে যাতায়াতকারী চার হাজার মানুষকে। যাঁদের জন্য এই টার্মিনাল, সেই যাত্রীরা ব্যবহার
তিন বছরেও চালু হয়নি বন্দরের যাত্রী টার্মিনালকরতে না পারলেও এর তৃতীয় তলার পাঁচটি কক্ষে বসেন বন্দর পরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা। যাত্রীদের বিশ্রামের বিশাল কক্ষে বসেন কর্মচারীরা। অথচ টার্মিনালের নকশায় এর কোনোটিই নেই।
এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেনের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ও ইমিগ্রেশন কার্যালয়ের ভবন পাশাপাশি অবস্থিত। দুটি ভবনের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে দুই পক্ষের একমত হতে তিন বছর সময় লেগে গেছে। সম্প্রতি এ বিষয়ে তারা একমত হয়েছে। এ কাজ শেষ হলে যাত্রীরা টার্মিনালের ভেতর দিয়ে ইমিগ্রেশনে যেতে পারবেন। এটা সত্যিই বিস্ময়কর যে দুই ভবনের সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নিতেই তিন বছর সময় লাগল! যাদের কাজ জনগণের সেবা করা, জনগণের দুর্ভোগ বা ভোগান্তি নিয়ে যে তাদের আদৌ কোনো মাথাব্যথা নেই তা পরিষ্কার।
পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ সরকারের প্রতিদিন লাখ লাখ টাকা রাজস্ব আয় হচ্ছে। অথচ তাঁদের সেবার দিকে কারও নজর নেই। আমরা চাই বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের টনক নড়ুক, যাত্রীদের টার্মিনালটি দ্রুত চালু হোক।