বেনাপোল স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের ৮০ শতাংশ পণ্য আনা–নেওয়া হয় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। প্রতিবেদন অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশমুখী ট্রাক পেট্রাপোল বন্দরে আসার পর পণ্য খালাসের জন্য ১৭ থেকে ২০ দিন অপেক্ষা করতে হয়। আরও উদ্বেগের বিষয়, ভারতের অংশের চেয়ে বাংলাদেশের অবস্থা বেশি নাজুক। বেনাপোল বন্দরের পণ্য মজুত করার ক্ষমতা ৪০ হাজার মেট্রিক টন, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। স্থান সংকুলান না হওয়ার জন্য ট্রাকগুলো প্রায়ই খোলা জায়গায় অবস্থান করে, পণ্যগুলোও উন্মুক্ত স্থানে আচ্ছাদন ছাড়া রাখতে হয়। দুই পাশেই রাস্তা সরু হওয়ায় যানজট লেগে থাকে।

বাংলাদেশের প্রধান স্থলবন্দরই যখন জোড়াতালি দিয়ে চলছে, তখন অন্যান্য স্থলবন্দরের অবস্থা অনুমান করতে অসুবিধা হয় না। দুর্ভাগ্যের বিষয়, যে মন্ত্রণালয়ের অধীনে স্থলবন্দর, সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যাংকের সিবিএ নেতা ও পরিবহন শ্রমিকদের তদারক করতেই ব্যস্ত। এভাবে কোনো দেশের স্থলবন্দর চলতে পারে না। স্থলবন্দরের এই বেহাল অবস্থা ব্যবসা-বাণিজ্যের গতিকে থামিয়েই দিচ্ছে না, পণ্যের আমদানি ও রপ্তানি ব্যয় বাড়াচ্ছে, যার দায় এসে পড়ে ভোক্তা সাধারণের ওপরই।

এ অবস্থায় বেনাপোলসহ সব স্থলবন্দরের অবকাঠামোগত দুর্বলতা কাটাতে আশু পদক্ষেপ প্রয়োজন। বন্দরসংলগ্ন সড়কগুলো প্রশস্ত করতে হবে। একই সঙ্গে ভারত সরকারকেও তাদের স্থলবন্দরগুলো উন্নয়নে ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য বলতে হবে। এক পাশের বন্দর ও সড়ক উন্নত হলে পরিস্থিতির উন্নতি হবে না। একযোগে দুই দেশেরই বন্দরের অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি দক্ষ জনবল নিশ্চিত করতে হবে। বন্দরের শ্রমিকদের নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, সে বিষয়েও সরকারকে সজাগ থাকতে হবে। লাখ লাখ বেকারের দেশে বন্দরে কাজ করার শ্রমিক পাওয়া যায় না, এটি বিশ্বাসযোগ্য নয়।