ইদানীং দেশে নারী নিগ্রহের ঘটনা বেড়েছে। ঘরে-বাইরে কোথাও যেন তাঁরা নিরাপদ নন। বিশেষ করে বাসে বা রাস্তাঘাটে একশ্রেণির মানুষরূপী দুর্বৃত্ত সব সময় ওত পেতে থাকে এবং সুযোগ পেলেই নানাভাবে নারীকে লাঞ্ছিত করে। গণমাধ্যমে কিংবা থানা-পুলিশের কাছে নারী নিগ্রহের যত খবর আসে, প্রকৃত অপরাধের ঘটনা তার চেয়ে অনেক বেশি।
প্রথম আলোর খবর থেকে জানা যায়, কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা বাজার এলাকায় বখাটেরা তিনজনকে পিটিয়ে আহত করেছে। দেড় মাস ধরে জালশুকা এলাকার কয়েকজন যুবক কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ওই ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা জালশুকা বাজারে ওই তিন তরুণকে ডেকে সতর্ক করে দেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ছাত্রীর স্বজনদের ওপর লাঠিসোঁটা ও দা নিয়ে হামলা চালান। অন্যদিকে নোয়াখালী থেকে বাসে ঢাকায় আসার পথে ইডেন কলেজের এক ছাত্রী বাস কর্মচারীর দ্বারা নিগৃহীত হয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে। মেয়েটি মুখ বুজে সেই নিগ্রহ সহ্য না করে বাস কর্তৃপক্ষের কাছে ওই কর্মচারীর বিরুদ্ধে নালিশ করেন। কর্তৃপক্ষ প্রথমে ব্যবস্থা নিতে গড়িমসি করলেও পরে কলেজছাত্রীদের চাপে তাঁকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়। তবে এটাই যথেষ্ট নয়।
গাজীপুরের ঘটনায় কোনো প্রতিকার তো হয়ইনি, বরং বখাটেরা মেয়েটির স্বজনদের ওপর চড়াও হয়েছেন। এই ঔদ্ধত্য তাঁরা কোথায় পান? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই বা কী করছেন? তাঁদের নিষ্ক্রিয়তা ও সমাজের নির্লিপ্ততার কারণেই নারী নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা বেড়েছে। এটি চলতে দেওয়া যায় না।
এসব বখাটে-দুর্বৃত্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি চাই সামাজিক প্রতিরোধ। গাজীপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটেদের ও বাসে নারী লাঞ্ছনাকারী কর্মচারীকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। একই সঙ্গে আক্রান্ত দুই কলেজছাত্রীর পূর্ণ নিরাপত্তার দাবি জানাই।