বেপরোয়া বাসগুলোকে সামলাবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজপথে বাস থেকে নামতে গিয়ে সেই বাসেরই ধাক্কায় কাউকে জীবন দিতে হতে পারে, এটা অকল্পনীয়। বাসগুলো যেন মৃত্যুদূত। শনিবার রাতে সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর মর্মান্তিক মৃত্যু এই নির্মম বাস্তবতারই প্রকাশ। পরদিন, গতকাল মালিবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মধ্যে আটকা পড়ে মারা যান। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রও ক্যাম্পাসে বাসচাপায় নিহত হওয়ার পর সেখানে দিনভর বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ করতে বাধ্য হয়। 
রাজধানীর গণপরিবহনে চলছে নৈরাজ্য। পুলিশি অভিযান চললে বাস গা ঢাকা দেয়। যাত্রীরা পড়েন মহাসংকটে। তখন ফিটনেসবিহীন, দুনম্বরি লাইসেন্সধারী চালকেরা আবার রাজপথ দাবড়ে বেড়াতে থাকেন। বাসের কর্মীরা টেনেহিঁচড়ে যাত্রী বোঝাই করে আর বাসস্ট্যান্ডের কাছে আসতে না আসতেই ধাক্কা দিয়ে যাত্রীদের পথে ফেলে দেয়। জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাসযাত্রীদের চলাফেরা করতে হয়।
রাস্তা পারাপারে শৃঙ্খলা আনতে পুলিশ পথচারীদের জেল-জরিমানা করছে। সবাইকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। কিন্তু বাসগুলো যে কোনো আইনের তোয়াক্কা করে না, সেটা কে দেখবে? হোটেল সোনারগাঁওয়ের মোড়ে, পুলিশ বক্সের সামনে জগ্লুল দুর্ঘটনার শিকার হলেও তাঁকে উদ্ধারে কোনো পুলিশ সদস্য এগিয়ে আসেননি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হলে হয়তো তাঁকে জীবন দিতে হতো না।
রাজধানীবাসী যেন পরিবহন চক্রের হাতে জিম্মি হয়ে আছে। ট্যাক্সিক্যাব রাস্তায় পাওয়া যায় না। সিএনজিচালিত অটোরিকশা চড়া ভাড়া হাঁকে। আর বাসে উঠলে জীবন সংশয়! জগলুল চৌধূরীর মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ রকম কত কমিটিই তো গঠিত হয়, কিন্তু ফল পাওয়া যায় না। কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। গণপরিবহনব্যবস্থায় আমূল সংস্কার দরকার। মেট্রোরেলের কথা মাঝে মাঝে শোনা যায়। বারবার পথনকশা বদলানোই যেন প্রকল্পটির স্থায়ী ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি না, নিরাপদে যাতায়াতের সুযোগ কবে আসবে। আরও কত জগলুলকে অকালমৃত্যুর শিকার হতে হবে।