ওয়াসার পানি নিয়ে অভিযোগ বেশ পুরোনো। কোথাও পানিতে ময়লা, কোথাও দুর্গন্ধ, কিংবা কোথাও দুটো মিলে সেই পানি খাওয়া দূরের কথা, গৃহস্থালির কাজেও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় নগরবাসীর দাবি ছিল দূষণমুক্ত ও সুপেয় পানি সরবরাহের। কিন্তু ঢাকা ওয়াসা সে বিষয়ে কার্যকর তেমন কিছু করতে পেরেছে বলে আমাদের জানা নেই। ফলে নগরের বাসিন্দাদের মধ্যে একটি বড় অংশ ওয়াসা নয়, পানি পরিশোধন করে খেতে বাধ্য হচ্ছে।
যখন গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম নিয়ে নগরবাসী উদ্বিগ্ন, তখনই ঢাকা ওয়াসার বাসাবাড়িতে ব্যবহারের পানি ও সুয়ারেজের জন্য শতকরা ৫ ভাগ দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বাসাবাড়িতে প্রতি হাজার লিটার পানির জন্য দাম গুনতে হয় ৭ টাকা ৭ পয়সা। আর কলকারখানা ও হোটেলে ব্যবহৃত পানির জন্য দিতে হয় ২৫ টাকা ৬৬ পয়সা। গত জুলাই থেকে বর্ধিত দাম কার্যকর হবে বলে ওয়াসা জানিয়েছে। এ রকম ভূতাপেক্ষ দাম বাড়ানোর নজির খুব বেশি নেই।
তবে পানির মূল্যবৃদ্ধির চেয়েও বেশি উদ্বেগজনক হলো, ঢাকা মহানগরের মাত্র ২২ শতাংশ পানি সরবরাহ করা হয় শোধনাগারের মাধ্যমে। বাকি ৭৮ শতাংশ আসে ৭০৮টি গভীর নলকূপ থেকে। ফলে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নেমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে গভীর নলকূপেও হয়তো পানি পাওয়া যাবে না।
ঢাকা ওয়াসার দাবি, তারা যে তিনটি মেগা প্রকল্প নিয়েছে, তা কার্যকর হলে ২০২১ সালের মধ্যে ৭০ শতাংশ পানি ভূ-উপরিস্থ উৎস থেকে উত্তোলন করা সম্ভব হবে। পদ্মা ও মেঘনা থেকে পাইপের মাধ্যমে এই পানি আনার কথা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, কেন ঢাকার পার্শ্ববর্তী বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যাকে দূষণমুক্ত করতে টেকসই পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ঢাকা ওয়াসা নগরবাসীর কাছ থেকে বেশি দাম নিচ্ছে। সেটি নাহয় মানা গেল, কিন্তু সেই পানি যে সুপেয় ও দূষণমুক্ত হবে, সেই নিশ্চয়তা কি তারা দিতে পারবে?