যোগাযোগব্যবস্থার উন্নয়নে সড়ক অবকাঠামোকে যে সরকার অধিক গুরুত্ব দিয়ে আসছে, সেটি ফি বছরের বাজেটে এই খাতে উত্তরোত্তর বর্ধিত বরাদ্দ থেকে স্পষ্ট। গত ৯ বছরে নতুন সড়ক-মহাসড়ক নির্মাণ ও উন্নয়নে ৪৬ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরেও ব্যয় হয়েছে ১৩ হাজার ৭০ কোটি ৯৪ লাখ টাকা। আর ওই অর্থবছরেই রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৪৮ লাখ টাকা।
অত্যন্ত উদ্বেগের বিষয় হলো বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও সড়ক যোগাযোগব্যবস্থার বেহাল দশা কাটেনি। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-২০১৯’ প্রতিবেদনে বলা হয়, সড়ক অবকাঠামোর মানের ভিত্তিতে প্রণীত সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নেপাল ছাড়া অন্য সব দেশের তুলনায় পিছিয়ে আছে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৩৫ দশমিক ২, আর নেপালের ২৭। শ্রীলঙ্কার স্কোর ৪৬ দশমিক ৭, ভারতের ৫৭ দশমিক ৪ এবং পাকিস্তানের ৪৯ দশমিক ১। সামগ্রিকভাবে অবকাঠামো বিবেচনায় ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। অন্যদিকে কেন্দ্রীয় সড়ক গবেষণাগারের প্রতিবেদনেও সড়কব্যবস্থার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা সুখকর নয়। সরকারের হাইওয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স (এইচডিএম) হিসাব বলছে, সারা দেশে ‘দুর্বল’ সড়কের দৈর্ঘ্য ২ হাজার ৫২৮ কিলোমিটার; ‘খারাপ’ তালিকাভুক্ত সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৮২ কিলোমিটার, আর ‘খুব খারাপ’ সড়ক রয়েছে ১ হাজার ৮৪৩ কিলোমিটার। সড়ক নির্মাণ ও সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এমনটি হয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত।
নেপালের অধিকাংশ ভূমি পাহাড়ি, ফলে সেখানে টেকসই সড়ক নির্মাণ করা কঠিন। কিন্তু বাংলাদেশে তিন পার্বত্য জেলা ছাড়া প্রায় পুরোটাই সমতল। সে ক্ষেত্রে যদি সড়কব্যবস্থার অবনতি ঘটে থাকে তার দায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনোভাবে এড়াতে পারে না। সড়ক নির্মাণ ও সংস্কারে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, সড়ক নির্মাণে প্রয়োজনীয় অনেক শর্তই সংশ্লিষ্টরা মানেন না। সড়কের সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবেও সড়ক যোগাযোগব্যবস্থা নড়বড়ে হয়ে পড়ে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে যথার্থই বলা হয়েছে, সড়ক-মহাসড়ক উন্নয়নে শুধু বেশি বিনিয়োগ করলেই চলবে না, বিদ্যমান অবকাঠামো রক্ষণাবেক্ষণেও মনোযোগী হতে হবে। প্রতিবছর দুই ঈদের আগে ও বর্ষার মৌসুমে সড়ক সংস্কারের কাজ বেশি হয়। এ ক্ষেত্রে কর্তৃপক্ষ সময়মতো অর্থায়ন না হওয়ার অজুহাত দিয়ে থাকে, যা গ্রহণযোগ্য নয়। অনেক সময় ঠিকাদারেরা প্রকল্পের ব্যয় বাড়ানোর জন্য সময়ক্ষেপণ করেন, আর এই কাজে প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসাজশ থাকে বলেও অভিযোগ আছে।
প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের সড়ক নির্মাণ ব্যয় অনেক বেশি। সরকারের দাবি, জমি নিচু ও অধিগ্রহণ ব্যয় বেশি হওয়ার কারণে নির্মাণ খরচ বেশি পড়ে। তাদের এই যুক্তি আংশিক সত্য হতে পারে, পুরো সত্য নয়। বাংলাদেশে অধিগ্রহণ করা জমির দাম কিছুটা বেশি হলেও শ্রম অনেক সস্তা। নির্মাণের জন্য দেশি উপকরণও তুলনামূলক কম দামে পাওয়া যায়। তাই সড়ক কিংবা সেতুর নির্মাণ ব্যয় অস্বাভাবিক বেশি হওয়ার কারণ নেই, যদি সেখানে পুকুরচুরির ঘটনা না ঘটে।
প্রতিবছর ১০ শতাংশ হারে পরিবহন চাহিদা বাড়ছে, এর সঙ্গে সংগতিপূর্ণভাবে সড়ক অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। তবে সড়কের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা কমাতে হবে। একসময় নৌপথ ও রেলপথ ছিল দেশের প্রধান যোগাযোগমাধ্যম। বর্তমান যুগের চাহিদা মেটাতে হলে সড়ক যোগাযোগ জোরদার করার পাশাপাশি নৌ ও রেলপথের উন্নয়নও আবশ্যক।
সড়ক নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে হলে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতেই হবে।