বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে গত রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেসবের মধ্যে এ সিদ্ধান্ত সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ হবে ছয় মাস। খবরটির গুরুত্ব হলো এই যে, এর মাধ্যমে নারীদের মাতৃত্বকালীন ছুটি ভোগের বিষয়টি কেবল সরকারি পর্যায়েই সীমাবদ্ধ থাকছে না, বেসরকারি পর্যায়েও তা শুরু হতে যাচ্ছে।সরকারি পর্যায়ে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ইতিমধ্যে ছয় মাসে উন্নীত করা হয়েছে এবং তা বর্তমানে কার্যকর রয়েছে। একই বিধান যুক্ত করে সংশোধিত শ্রম আইন প্রণয়নের উদ্যোগ চলছে বলেও জানা গেছে। তা ছাড়া, সরকারের পক্ষ থেকে বেসরকারি খাতের চাকরিদাতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তাঁরাও যেন তাঁদের নারী কর্মীদের ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু বেসরকারি খাতের পক্ষ থেকে এই আহ্বানের প্রতি তেমন ইতিবাচক সাড়া মিলছে না। তৈরি পোশাকশিল্পের পক্ষ থেকে এমন যুক্তি দেখানো হচ্ছে যে, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ছয় মাস করা হলে নারী পোশাককর্মীদের মধ্যে অধিক সন্তান গ্রহণের প্রবণতা বেড়ে যাবে, তাঁদের মধ্যে কর্মোদ্দীপনা কমে যাবে ইত্যাদি। কিন্তু এই যুক্তি ঠিক নয়। শ্রম আইন অনুযায়ী কোনো নারী দুবারের বেশি মাতৃত্বকালীন ছুটি পাবেন না।বেসরকারি ব্যবসায়িক খাতের মধ্যে শুধু তৈরি পোশাকশিল্পই নয়; ব্যাংক, বিমা এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, কিন্ডারগার্টেনসহ শহরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ রয়েছে। অনেক প্রতিষ্ঠান বিনা বেতনেও মাতৃত্বকালীন ছুটি দিতে চায় না; বরং ওই কর্মী চাকরি ছেড়ে দিলে তারা খুশি হয়। কিন্তু আমাদের বোঝা উচিত, মাতৃত্বকালীন ছুটি কোনো অবকাশ-বিনোদনের বিষয় নয়, জরুরি প্রয়োজনীয় বিষয়। একজন নারীর গর্ভধারণ ও সন্তান জন্মদানের প্রক্রিয়া ছয় মাস সময় প্রসূতি ও শিশু উভয়ের জন্যই প্রয়োজন।