বেসরকারি মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বা বেসরকারি—সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হতে হবে নির্দিষ্ট আইন ও নীতিমালার ভিত্তিতে। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজের মালিক-মোক্তারেরা সেসব নীতি ও আইনকানুনের পরোয়া করেন বলে মনে হয় না। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অদ্যাবধি তা কার্যকর হয়নি। ফলে বেসরকারি মেডিকেল কলেজগুলো ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে যে মোটা অঙ্কের অর্থ আদায় করছে। এ নিয়ে পত্রপত্রিকায় এন্তার প্রতিবেদন প্রকাশিত হলেও কর্তৃপক্ষ উদাসীন।গত ২২ ডিসেম্বর ‘বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি: ৬৫০ কোটি টাকার বাণিজ্য’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সেই প্রতিবেদনের কপিসহ লইয়ার্স সোসাইটি ফর ল-এর পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারি মেডিকেল কলেজে ভর্তি ও টিউশন ফি নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন। তিন সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আমরা আশা করব, আদালত-নির্ধারিত সময়ের মধ্যে সরকার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও টিউশন ফির নীতিমালা প্রণয়ন করবে এবং যারা এটা মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। যেখানে সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে ১০ হাজার টাকা ভর্তি ফি নেওয়া হয়, সেখানে বেসরকারি মেডিকেল কলেজে ১৩ থেকে ১৫ লাখ টাকা নেওয়ার কী যুক্তি থাকতে পারে? এ শিক্ষা মানুষের মৌলিক অধিকার। বেসরকারি মেডিকেল কলেজের উদ্যোক্তারা একে পণ্য হিসেবে ব্যবহার করবেন, তা কাম্য নয়। এ কথা ঠিক, সরকারি মেডিকেল কলেজের পেছনে সরকার বড় অঙ্কের অর্থ ভর্তুকি দিয়ে থাকে, আর বেসরকারি মেডিকেল কলেজগুলোকে চলতে হয় নিজেদের আয় দিয়ে। তাই বলে তারা শিক্ষার্থীদের কাছ থেকে খেয়ালখুশিমতো ভর্তি ফি ও টিউশন ফি আদায় করতে পারে না। শিক্ষার্থীর ভর্তি ফি ও টিউশন ফি যৌক্তিক হতে হবে।