বেসরকারি শিক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকার যে নতুন উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। তবে এর কার্যকারিতা নির্ভর করবে নতুন পদ্ধতিটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত বাস্তবায়নের ওপর, অধিকাংশ সরকারি উদ্যোগের ক্ষেত্রে যা ঘটে না।
এখন থেকে কেন্দ্রীয়ভাবে নিবন্ধন করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে মেধাক্রম তৈরি করার দায়িত্ব পালন করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তিন স্তরের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে তৈরি করা মেধাক্রম মেনেই শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে। কাজটি সরকারি কর্মকমিশনের বিসিএস পরীক্ষা পরিচালনার মতো। বলা বাহুল্য, লোকবল নিয়োগের এই পদ্ধতি এযাবৎ চলে আসা বেসরকারি শিক্ষক নিয়োগপদ্ধতির তুলনায় অনেক বেশি নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও অন্যান্য লোকবল নিয়োগের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিচালনা কমিটিই এ কাজটি করে আসছে, যে কমিটিতে সাধারণত থাকেন স্থানীয় সাংসদ বা তাঁর প্রতিনিধি, পৌরসভার মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই কমিটির ক্ষমতাই একচ্ছত্র এবং নিয়োগ–প্রক্রিয়ায় নিয়োগপ্রার্থীদের মেধার চেয়ে বেশি গুরুত্ব পায় অন্যান্য বিষয়: অর্থ, প্রভাব-প্রতিপত্তি, রাজনৈতিক আনুগত্য। স্বজনপ্রীতি ও ‘ডোনেশন’-এর নামে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ বিস্তর। এখন কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে নিয়োগপদ্ধতি চালু হলে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ বন্ধ হবে বলে আশা করা যায়।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে নিবন্ধন পরীক্ষায়তবে এই নতুন পদ্ধতিরও স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতাও নিশ্চিত করা জরুরি। সর্বাধিক মেধাসম্পন্ন প্রার্থীরাই যেন শিক্ষক হিসেবে নিয়োগ পান, কেননা শিক্ষকদের গুণগত মানের ওপরই শিক্ষার মান বহুলাংশে নির্ভরশীল। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন-ভাতা যেহেতু সরকারি অর্থায়নেই পরিশোধিত হয়, তাই এই শিক্ষকদের নিয়োগের বিষয়টিও সরাসরি সরকারি প্রতিষ্ঠানেরই দায়িত্ব হওয়া উচিত। আমরা আশা করি, এই নতুন নিয়োগপদ্ধতি চালু হওয়ার পর দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদানের গুণগত মান আরও বাড়বে।