সরকারের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজশিক্ষকেরা এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ ও অবস্থান ধর্মঘট করতে গিয়ে তাঁরা পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন। প্রায় প্রতিটি স্থানে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি তরল গ্যাস ও জলকামান থেকে পানি ছুড়েছে। সরকার নিজেকে শিক্ষাবান্ধব বলে দাবি করে। কিন্তু সেই সরকার কীভাবে আন্দোলনরত শিক্ষকদের প্রতি এ রকম নির্দয় ব্যবহার করতে পারে? শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার ক্ষেত্রে সরকারের আর্থিক সামর্থ্যের অভাবের কথা বলেছেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের পক্ষে নিজে লড়াই করবেন বলে জানিয়েছেন। কিন্তু সরকারের আচরণ সম্পূর্ণ বিপরীত। শিক্ষকেরা যখন দাবি-দাওয়া আদায়ে আমরণ অনশন কিংবা অবস্থানের মতো কঠোর কর্মসূচি নেন, তখন সরকারের কি উচিত ছিল না বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া? শিক্ষামন্ত্রী যে আর্থিক সামর্থ্যের অভাবের কথা বলেছেন, সেটি হয়তো অসত্য নয়। কিন্তু দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে অসুবিধা কোথায়? এ মুহূর্তে হয়তো তাঁদের সব দাবি পূরণ করা না গেলেও আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনা এবং শিক্ষকদের ন্যূনতম চাহিদা মেটানোর একটি রূপরেখা তৈরি করা অসম্ভব নয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজন আছে বলেই সরকার স্বীকৃতি দিয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান অচল হয়ে পড়লে হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনাও ব্যাহত হবে। সেটি কোনোভাবেই হতে দেওয়া যায় না।অতএব, সরকারের উচিত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে অবিলম্বে সমস্যার সমাধান করা। শিক্ষকদেরও মনে রাখতে হবে, এমপিওভুক্তিই তাঁদের একমাত্র আকাঙ্ক্ষা হতে পারে না। তাঁরা যদি নিজস্ব মেধা ও যোগ্যতা প্রমাণ করতে পারেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে সামর্থ্যবান করাও অসম্ভব নয়। ঢাকার বাইরেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে। আর যদি তাঁদের অভিপ্রায় হয় এমপিওভুক্তির মাধ্যমে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা আদায় করা, তা শিক্ষা ও শিক্ষার্থী কারও জন্যই লাভজনক হতে পারে না। এমপিওভুক্তির নামে চাকরি-বাণিজ্যের দৌরাত্ম্য অবশ্যই বন্ধ করতে হবে।