রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাৎ সম্পর্কিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের প্রতি অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত কমিটি যথার্থই সন্দেহ প্রকাশ করেছে। দুদক যদিও তাদের তদন্তকারীদের প্রতিবেদনকে এখনো অনুমোদন দেয়নি, কিন্তু তারা সেটা দেবে না, এমন ভরসা কম। তাই দুদকের উচিত হবে তাদের প্রক্রিয়া অনতিবিলম্বে সম্পন্ন করা। কারণ, ‘মর্নিং শোজ দ্য ডে’ বলে একটা কথা চালু আছে। সেই বিবেচনায় জনগণ খুবই উদ্বিগ্ন হতে পারেন যে কী করে বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা পরিচালনা পর্ষদ দুদকের তদন্তকারীদের কাছে দুধে ধোয়া হতে পারল। দুদককে আর কালক্ষেপণ করতে দেওয়া ঠিক হবে না। বরং দুদকের তদন্তকারীদের জবাবদিহি দরকার।
২০১০ সালে তিন সদস্যের একটি সংসদীয় উপকমিটির তদন্তে রাষ্ট্রায়ত্ত খাতের প্রতিষ্ঠান মিল্ক ভিটার লুটপাট উদ্ঘাটন করা সম্ভব হয়েছিল। সুতরাং এখন একটি উপযুক্ত সংসদীয় কমিটির উচিত হবে এই বিষয়ে তদন্তে নামা। আমরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সংসদীয় কমিটির সদস্যদের উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এটা সত্যি, একটি সান্ত্বনার বিষয় যে যখন প্রভাবশালী রাজনৈতিক মহলের সম্পৃক্ততার কারণে বেসিক ব্যাংকের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বাধাগ্রস্ত হয়ে চলেছে এবং সন্দেহভাজনের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা দৃশ্যত অসম্ভব বলে প্রতীয়মান হচ্ছে, তখন আমাদের একটি সংসদীয় কমিটি জনস্বার্থ রক্ষায় ন্যায়সংগত ও শক্তিশালী ভূমিকা পালনে সচেষ্ট হয়েছে। তাদের এই উদ্যোগকে আমরা সর্বান্তকরণে সাধুবাদ জানাই।
কমিটির সভাপতি আবদুর রাজ্জাক প্রয়োজনে নতুন করে তদন্ত অনুষ্ঠানের কথা বলেছেনও। এটা দ্রুত করতে হবে, শুধু অঙ্গীকার কাজ দেবে না। অর্থমন্ত্রীর উপলব্ধি হলো, ‘এটা ডাকাতি নয়, লুট; বস্তা ভরে টাকা নেওয়ার ঘটনা।’ সংসদীয় কমিটি
এই বিষয়ে এ রকম অবস্থান নেওয়ার পরে তারা আর নিষ্ক্রিয় থাকতে পারে না। আমরা মনে করি, তাদের তদারকিতেই একটি সংসদীয় কমিটি এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারে।