তিন হাজার কোটি টাকা লুটপাট হওয়ার পরও যদি কোনো ব্যাংকের সাবেক চেয়ারম্যান ধরাছোঁয়ার বাইরে থাকেন, তবে তাঁর অবস্থানটি আসলে কোথায়, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সংসদে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু সম্পর্কে এই প্রশ্ন তুলেছেন জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল। অর্থমন্ত্রীর কাছে তিনি জানতে চেয়েছেন, আবদুল হাই বাচ্চু কি আকাশে থাকেন না হিমালয়ে থাকেন, আইনের আওতায় নেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন আসলে আমাদেরও।
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকে কী পরিমাণ অনিয়ম ও লুটপাট হয়েছে, তার বিবরণ কয়েক বছর ধরে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং এই ব্যাংকের একসময়ের চেয়ারম্যান আবদুল হাইয়ের নেতৃত্বেই যে এসব হয়েছে, তা বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন অনুসন্ধানে ধরা পড়েছে। তিনি সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে নিজের যোগাযোগকে কাজে লাগিয়ে ব্যাংকের সব কাজে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে ধরা পড়ে যে অন্তত ৬৭ জন গ্রাহককে নানা অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। এরও দুই বছর আগে নানা কৌশলে জালিয়াতি করে ব্যাংক থেকে অন্তত সাড়ে চার হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়টি ধরা পড়ে।
আবদুল হাই বাচ্চু কি আকাশে থাকেন?একসময় যে ব্যাংকটি রাষ্ট্র মালিকানাধীন খাতের একটি আদর্শ ব্যাংক হিসেবে পরিচিতি পেয়েছিল, বছরের পর বছর দক্ষভাবে পরিচালিত হয়ে মুনাফা করে আসছিল, সেই ব্যাংকটি কার্যত ধ্বংস হয়ে যায় এই চেয়ারম্যান ও তার নেতৃত্বাধীন পরিচালনা পরিষদের পরিচালনায়। অনিয়ম ও দুর্নীতির এত বড় অভিযোগের পরও তাঁকে আইনের আওতায় না আনায় এটা পরিষ্কার হয় যে তাঁর খুঁটির জোর কতটা শক্ত।
একজন সাংসদ সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রীর কাছে যে প্রশ্ন করেছেন, আমরা তার জবাব আশা করি। আমরা চাই অর্থমন্ত্রী পরিষ্কার করে বলুক যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, তারা ক্ষমতার আশপাশে নেই। এবং একই সঙ্গে অভিযুক্তদের আইনের আওতায় এনে এর প্রমাণ দিক।