কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের পাঁচ কিলোমিটার অংশ খানাখন্দে ভরে গেলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। জোয়ারের তোড়ে সড়কের ওই অংশের বেশির ভাগ স্থানে কার্পেটিংয়ের অস্তিত্ব নেই; ইটের খোয়াও ভেসে গেছে। ফলে এ সড়কে চলাচলকারী লোকজনকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। এর মধ্যে শাহপরীর দ্বীপের উত্তরপাড়া থেকে হারিয়াখালী পর্যন্ত পাঁচ কিলোমিটারই ক্ষতবিক্ষত। ২০১২ সালের ২২ জুলাই জোয়ারে সড়কটির পাশের উপকূলীয় বেড়িবাঁধের সাড়ে তিন কিলোমিটার অংশ ভেঙে যায়। এরপর ধীরে ধীরে ওই পাঁচ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। বর্ষা মৌসুমে কোনোরকমে নৌকায় করে এই পাঁচ কিলোমিটার পার হয়ে সড়কের আরেক পাশে উঠতে হয়। কিন্তু শুকনো মৌসুমে সে সুযোগটাও থাকে না। ফলে সেখানকার ১৬টি গ্রামের প্রায় ৪০ হাজার বাসিন্দাকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো বেড়িবাঁধের ওই ভাঙা অংশ দিয়ে মাঝেমধ্যেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় ওই গ্রামগুলোর বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট।
বেড়িবাঁধটি সংস্কারের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আর সড়ক মেরামতের দায়িত্ব সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। বর্তমান পরিস্থিতি এই দুটি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতাকেই তুলে ধরছে। এ ব্যাপারে কক্সবাজার সওজের বক্তব্য হচ্ছে, ভাঙা বেড়িবাঁধ মেরামত না হওয়ায় সড়কের ভাঙা অংশ ও কালভার্ট নির্মাণ করা সম্ভব হচ্ছে না। কারণ, সড়ক সংস্কার করলেও তা যেকোনো সময় জোয়ারের পানিতে ভেঙে যাবে। তাই আগে বেড়িবাঁধ নির্মাণ; এরপর সড়ক মেরামত।
আমরা চাই পাউবো দ্রুত বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এই সড়ক সংস্কারের কাজে গতি আনতে সহায়তা করুক। আর সওজ বাড়তি উদ্যোগ নিয়ে এসব সড়ক সংস্কার করে জনদুর্ভোগ নিরসনে এগিয়ে আসুক।