রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক পরিচালনার মূল দর্শন হলো জনগণের স্বার্থ রক্ষা করা। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এখন দুর্নীতি-অনিয়ম এমন পর্যায়ে পৌঁছেছে যে বারবার ‘কোরামিন’ দিয়ে এসব প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। আগামী অর্থবছরে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘাটতি মূলধন জোগাতে সরকার ফের পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যদিও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় তার উল্লেখ নেই। সরকারের ব্যর্থতার দায় কেন জনগণের কাঁধে চাপানো হবে?
২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা মোটামুটি ভালো ছিল। কিন্তু সাড়ে ছয় বছরে ব্যাংকগুলো মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে লুটপাটের কারণে। আর রাজনৈতিক প্রভাব ছাড়া যে সেটি সম্ভব নয়, তা বলার অপেক্ষা রাখে না। ২০১১ সালে সোনালী ব্যাংকে হল-মার্ক কেলেঙ্কারির পর ধারণা করা গিয়েছিল সরকারের চৈতন্যোদয় হবে। কিন্তু সেটি যে হয়নি তার প্রকৃষ্ট প্রমাণ বেসিক ব্যাংকের অর্থ লুটপাট, রূপালী ও কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি।
করের টাকায় আবারও ব্যাংক বাঁচানোর চেষ্টাবিভিন্ন সমালোচনার মুখে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদল আনা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। জনগণের করের টাকায় সরকার বেহাল ব্যাংকগুলোকে অর্থায়ন করলেও এই লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। যে ব্যক্তি বেসিক ব্যাংককে ফোকলা করে দিয়েছেন, যঁাকে স্বয়ং অর্থমন্ত্রী ডাকাত বলে অভিহিত করেছেন, তঁাকে সসম্মানে পদত্যাগের সুযোগ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। কিন্তু এসব ব্যাংক তো লুটপাটের জন্য অবারিত হতে পারে না। অর্থমন্ত্রী ব্যাংকিং কমিশন গঠনের চিন্তাভাবনা আছে বলে তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন। আমরা মনে করি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেহাল অবস্থার জন্য কারা দায়ী, তা চিহ্নিত করতে এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতেই এই কমিশন গঠন করা উচিত। তবে সেই কমিশন কোনোভাবেই কেন্দ্রীয় ব্যাংকের ওপর খবরদারি করবে না।