দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য বন্দরের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন যে জরুরি, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই জরুরি প্রয়োজনকে যদি কোনো সরকার উপেক্ষা করতে থাকে, তাহলে সেই সরকারকে কোনোভাবে ব্যবসাবান্ধব বলা যায় না। স্বাধীনতার পর স্থলবন্দরগুলোতে আমদানি-রপ্তানি বহুগুণে বাড়লেও এর অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা তেমন বাড়েনি।
তাই গত রোববার এফবিসিসিআই আয়োজিত সেমিনারে ব্যবসায়ী নেতাদের কণ্ঠে আক্ষেপ ও হতাশার কথাই উঠে এসেছে। সেখানে উপস্থিত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনও স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করেছেন।
সমস্যাটি পুরোনো এবং উত্তরোত্তর তা বেড়ে চলেছে। এ অবস্থায় বন্দরের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন না হলে ব্যবসায়ীদের ভোগান্তি যেমন বাড়বে, তেমনি উৎপাদকেরা বিপাকে পড়বেন। বাড়তি দাম গুনতে হবে ভোক্তাদেরও। সীমান্তবর্তী স্থলবন্দরের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে দুই দেশকেই।
একজন ব্যবসায়ী নেতা বেনাপোলের কথা উল্লেখ করে বলেন, ভারত থেকে আমদানি পণ্যের ৮০ শতাংশ আসে এই বন্দর দিয়ে। কিন্তু পর্যাপ্ত অবকাঠামো নেই সীমান্তের ওপারে পেট্রাপোলে। আবার উত্তর–পূর্ব ভারতে যে বন্দর দিয়ে
অধিকাংশ পণ্য রপ্তানি হয়, সেই আখাউড়ার অবকাঠামো বেশ নাজুক। একাধিক স্থলবন্দরে ব্যাংকিং সুবিধা এবং পণ্যের মান যাচাইয়ের যন্ত্র না থাকার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
সমস্যাগুলো খুবই গুরুতর। সবগুলো আবার বন্দর কর্তৃপক্ষের এখতিয়ারেও নেই। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে একটি অভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া যেতে পারে। সীমান্তবর্তী দুই দেশের স্থলবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। নৌপরিবহনমন্ত্রী আন্তমন্ত্রণালয় বৈঠক করে সুপারিশ বাস্তবায়নের কথা বলেছেন। কিন্তু এর আগে যেসব সুপারিশ করা হয়েছে, তার কটি বাস্তবায়িত হয়েছে, সেটিও খতিয়ে দেখা দরকার।
ব্যবসায়ীরা নির্বিঘ্নে ও স্বল্পতম সময়ে যাতে পণ্য খালাস করতে পারেন, সে জন্য স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন জরুরি। প্রয়োজনে স্থলবন্দরের সংখ্যাও বাড়াতে হবে।