বেহাল সড়ক ও অকার্যকর চিকিৎসাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরে মৃত্যুর খবরে দেশের মানুষ জর্জরিত। প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে, বাড়ছে ঘরে ঘরে কান্নার রোল, কিংবা নির্বাক হয়ে চেয়ে থাকা। মনে পড়ছে গত মে মাসে আমাদের সহকর্মী মিজান টাঙ্গাইল থেকে ঢাকায় আসার পথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যায়, আমরা কেউ ঘটনাটি মেনে নিতে পারিনি। ট্রাকটি মেরে দিয়ে চলে গিয়েছিল, থামেনি। সবাই কেঁদেছি, কিন্তু কিছু করতে পারিনি। আমাদের মধ্যে তার শূন্যতাই বিরাজ করছে, তার দুটি অবোধ শিশুসন্তান আজও মনে করে বাবা ফল নিয়ে বাড়ি আসবে। যতবার কোনো দুর্ঘটনার কথা শুনি বা পড়ি, তখন নিজেদের এই হারানোর কথা না ভেবে পারি না।হাইওয়ে দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দেখি, রাস্তায় বাস-ট্রাক উল্টে আছে। কখনো দেখা যায় রাস্তায় মৃতদেহ সাজানো আছে, কাপড়ে ঢাকা। নারী ও শিশুর লাশ, কিংবা কোনো গরিব দিনমজুরের লাশ। আমরা দেখি, আফসোস করতে করতে পাশ দিয়ে চলে যাই। অসহায় লাগে, কিছু করতে পারি না। যারা আহত অবস্থায় থাকে তাদের হয়তো আশপাশের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাদের চিকিৎসা কি হয়েছে? যারা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মারা গেছে, যাকে বলা হয় ‘স্পট ডেড’, তাদের জন্য সড়কের বেহাল অবস্থা, ড্রাইভারের গাফিলতির কথা বলে আমরা প্রতিকার চাইতে পারি। কিন্তু যারা আহত (তাদের সংখ্যাই বেশি), তারা যেন ‘মরে নাই’ বলে অপরাধ করেছে। না মরলে কান্না নেই, মিডিয়ার দৌড়ঝাঁপ নেই, তাদের প্রতি কারও সমবেদনা নেই।আহত ব্যক্তিদের সাধারণত মহাসড়কের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেগুলো উপজেলা পর্যায়ে হলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আর জেলা পর্যায়ের হলে সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়। আজকাল রাস্তার ধারে ছোট শহরগুলোতে প্রাইভেট ক্লিনিকও থাকে। সেখানেও আহত ব্যক্তিরা চিকিৎসার জন্য ছোটেন। কিন্তু সরকারি হাসপাতাল হলে কি সে সময় কোনো ডাক্তার থাকেন? বা প্রাইভেট ক্লিনিক হলে বিনা পয়সায় চিকিৎসা কি পাওয়া যায়? হাসপাতালে নেওয়ার পর চিকিৎসার ক্ষেত্রে কী ঘটল, তা আর জানা যায় না।গত ১৩ আগস্ট, মানিকগঞ্জে প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের তাৎক্ষণিক মৃত্যু ও গুরুতর আহত ঢালী আল মামুন এবং আহত ক্যাথরিন মাসুদ ও দিলারা বেগম জলির ঘটনা থেকে দেখা যাক, স্বাস্থ্যব্যবস্থা আহতদের কতখানি সেবা দিতে সক্ষম। দিলারা বেগম জলি রাজধানীর স্কয়ার হাসপাতালে বসে প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে (১৫ আগস্ট ২০১১) বর্ণনা দিয়েছেন, ‘এ পথ দিয়ে কত প্রাইভেট কার, মাইক্রোবাস গেল। আমি আর ক্যাথরিন কত অনুরোধ করলাম তাদের দাঁড়ানোর জন্য, কেউ দাঁড়াল না। পরে একটা বাস থামল। কয়েকজন তরুণ আমাদের ওঠালেন। মানিকগঞ্জ সদর মোড়ে আমাদের নামিয়ে দেওয়া হলো। বাসে থাকা দুজন তরুণের সহযোগিতায় আমরা একটা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখি, মামুনের সামনের দাঁত প্রায় ভেঙে গেছে। চোয়াল থেঁতলে গেছে। চিকিৎসকেরা বারবার বলছেন, ওনাকে ঢাকায় নিয়ে যান দ্রুত। অবস্থা খুব খারাপ। আমি অ্যাম্বুলেন্স নিয়ে মামুনসহ ঢাকার দিকে রওনা দিই। ক্যাথরিন অ্যাম্বুলেন্স নিয়ে তারেকদের কাছে যায়।’ জলির পক্ষে এর বেশি বলা সম্ভব ছিল না। এমন একটি দুর্ঘটনা প্রত্যক্ষ করে এর বর্ণনা দেওয়া নিজের ওপর যন্ত্রণা কী হতে পারে, তা ভুক্তভোগী মাত্রই জানেন।চিকিৎসা না পেলেও জলি ও ক্যাথরিন ঢাকায় আসার জন্য অ্যাম্বুলেন্স পেয়েছিলেন। কিন্তু ঢাকায় এসে মাথায় চোট পাওয়া ক্যাথরিন যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে রিকশায় স্কয়ার হাসপাতালে গেছেন, ঢালী আল মামুনকে নিয়ে জলির অ্যাম্বুলেন্স ছাড়া যাওয়া সম্ভব ছিল না।একই দিনে বেলা চারটায় আরও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। পাবনা-নগরবাড়ী মহাসড়কের সাঁথিয়া উপজেলার গাংহাটি ক্লাব এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে এটুকু চিকিৎসাকেন্দ্রিক খবর প্রায় সময় থাকে কিন্তু আহত ব্যক্তিরা আসলে চিকিৎসা পেয়েছেন কি না, তা তো আর জানা যায় না। কতজন শেষ পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন, আমরা কি সে খবর রাখছি? প্রথম আলোতে শেখ সাবিহা আলমের প্রতিবেদন (১৬ আগস্ট ২০১১) এই বিষয়ের ওপর প্রয়োজনীয় তথ্য দিয়েছে। সবচেয়ে দুঃখ লেগেছে নারায়ণ চন্দ্র মজুমদার নামক একজন আহতের ডান পা কাটা গেছে, পচন ধরেছে অন্যটিতে। অর্থাৎ আহতদের একটু খোঁজখবর নিলেই বেরিয়ে আসছে এমন দুঃখজনক তথ্য, যা মৃত্যুর চেয়ে কোনো অংশে কম নয়। এ ক্ষেত্রে পরিবারের পাশাপাশি নিজেকে দুর্বিষহ জীবন বয়ে বেড়াতে হয়।সরকারি হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতি এবং নিয়োগ না থাকা সড়ক দুর্ঘটনার খবরের মতোই নিয়মিত শিরোনাম হচ্ছে। যদি এই তাঁদের অবস্থা হয়, তাহলে সময়ে-অসময়ে সড়ক দুর্ঘটনা হলে আহত ব্যক্তিরা এসে কি আদৌ কোনো চিকিৎসা পাবেন? দুর্ঘটনা তো আর অফিস টাইম ধরে হবে না!ডাক্তার ও অ্যালোপ্যাথিক ওষুধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থাই সরকারের স্বাস্থ্যসেবার একমাত্র ধরন। সরকার উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে দিয়েছে। এই পর্যন্ত পাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ৪২১টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১৫ হাজার ৮৯৮ বেডে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে কতজন ডাক্তার উপস্থিত আছেন এবং চিকিৎসা দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজলে মুখের হাসি মিলিয়ে যাবে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বশেষ পরিসংখ্যানে (এইচআরডি ডেটা শিট ২০১১) দেশে চিকিৎসকদের প্রাপ্তির সম্ভাবনা সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করা যায়। মোট ৫৩ হাজার ৬৩ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ডাক্তারের মধ্যে দেশে কর্মরত আছেন ৪৩ হাজার ৫৩৭ জন। এসব ডাক্তারের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আছে ৩৫ শতাংশ এবং অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে রয়েছেন ৩ শতাংশ, মোট ৩৮ শতাংশ ডাক্তার বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত। আর বেসরকারিভাবে ডাক্তারি পেশা চর্চা করছেন ৫৮ শতাংশ। ডাক্তারদের নিজ নিজ পদে নিয়োগের ক্ষেত্রে রয়েছে ব্যাপক গরমিল। যেমন মহাপরিচালক, উপপরিচালক, পরিচালক পদের অনুমোদিত ১৬ শতাংশ পদ, সিভিল সার্জন ও সহকারী পরিচালক ৫৬ শতাংশ পদ, মেডিকেল অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২৮ শতাংশ পদ শূন্য রয়েছে। [এই শতকরা হিসাব এইচআরডি ডেটা শিট ২০১১-এর ৭ নম্বর ছক (ডক্টরস স্টাফিং পজিশন) থেকে করা হয়েছে] তদুপরি নিয়োগপ্রাপ্তরাও হাসপাতালে থাকছেন না। তাহলে রোগীরা গিয়ে কার কাছ থেকে চিকিৎসা নেয়? সড়ক ঠিক করলেই নিশ্চয় রাতারাতি দুর্ঘটনা তো আর কমবে না, সে ক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থার পাশাপাশি অন্তত যাঁরা প্রাণে কোনোমতে বেঁচে গিয়েছেন, তাৎক্ষণিক চিকিৎসা লাভ করে তাঁদের বাকি জীবনটা যেন স্বাভাবিক হতে পারে, তার জন্য স্বাস্থ্যব্যবস্থার উন্নতি বা সংস্কার একান্তভাবে দরকার।গত কদিনে মৃত্যু শুধু সড়ক দুর্ঘটনাতেই ঘটেনি, হাসপাতালের অবহেলার কারণেও হয়েছে। সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার কথা অনেক ফলাও করে বলা হয়, কিন্তু বেসরকারি হাসপাতালের কথা বলা হয় না। অথচ এই মৃত্যুগুলো ঘটেছে খোদ ঢাকা শহরের অভিজাত বেসরকারি হাসপাতালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লোকসংগীত গবেষক ও শিল্পী অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পানিশূন্যতায় ছিলেন কিন্তু হাসপাতালে নেওয়ার পর ভর্তি-প্রক্রিয়ার বিলম্বের কারণে তিনি মারা যান। প্রাইভেট হাসপাতালে ভর্তি-প্রক্রিয়ার সঙ্গে টাকা জমা দেওয়ার সম্পর্ক জড়িত। রোগীর জীবন সেখানে মুখ্য নয়। এদিকে গত ১৫ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, ইবনে সিনা হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ ব্যাখ্যায় রাজধানীর এই দুই বেসরকারি হাসপাতাল ল্যাবএইড ও ইবনে সিনার শীর্ষ কর্মকর্তাদের তলব করেছেন হাইকোর্ট।বেসরকারি স্বাস্থ্যসেবা তো নয়, পাক্কা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে চলছে দাপটের সঙ্গেই। এদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা নামকরা সরকারি ডাক্তারদের ব্যবহার করে মুনাফার হার বৃদ্ধি করছেন কিন্তু অনেক ক্ষেত্রেই জরুরি সেবার কোনো ব্যবস্থা নেই। ১৯৮২ সালে প্রণীত বেসরকারি স্বাস্থ্যসেবা অধ্যাদেশ, ১৯৮৪ সালে হালনাগাদ করা হয়, কিন্তু এরপর ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত হালনাগাদের পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো আলোর মুখ দেখেনি। কাজেই নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এই ব্যবসা।সড়ক দুর্ঘটনা ও রাস্তার বেহাল অবস্থা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগমন্ত্রীকে সড়ক মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়ার কারণে তোড়জোড় শুরু হয়েছে। একইভাবে তিনি চিকিৎসকদেরও গত মার্চ মাসে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সম্মেলনে বলেছিলেন, ‘একজন ডাক্তার তৈরি করতে সবচেয়ে বেশি খরচ হয় আর জনগণই এই খরচের জোগান দেয়। এ কারণে চিকিৎসকদের অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ নিজ কর্মস্থলে থেকে মানুষকে চিকিৎসাসেবা দিতে হবে। গ্রামে থেকে চাকরি করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দিন। সরকারের চাকরি করবেন আর কর্মস্থলে থাকবেন না, সেবা দেবেন না তা হতে পারে না’ (ইত্তেফাক, ১৩ মার্চ ২০১১)। মে মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ডাক্তার হতে হলে গ্রামে এক বছর ইন্টার্নি করতে হবে, অন্যথায় ডাক্তারি সনদ দেওয়া হবে না’, এমন বিধান রেখে জাতীয় স্বাস্থ্যনীতি, ২০১১ অনুমোদন দেওয়া হয়েছে (ইত্তেফাক, ৩১ মে ২০১১)। এই কথা মানা হচ্ছে না জেনেও এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন?চারদিকে যখন এত ধরনের অন্যায়ভাবে জীবন শেষ হতে দেখছি, তখন মনে হয়, শুধু কি সরকারের কার্যকর পদক্ষেপের আশায় আমরা বসে থাকব? আমরা কি কিছু করতে পারি না? এভাবে আর কত দিন চলবে?ফরিদা আখতার: নারীনেত্রী, উন্নয়নকর্মী।