দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত নতুন উচ্চতায় উঠেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এখন এই রিজার্ভ এক হাজার ৬০০ কোটি ডলারের সীমা অতিক্রম করেছে। এ নিয়ে চলতি বছর একাধিকবার রিজার্ভ নতুন সীমা অতিক্রম করল। এই রিজার্ভ বৃদ্ধির কারণ যা-ই হোক না কেন, জনসমক্ষে অর্থনীতির আরেকটি সূচকের রেকর্ড তুলে ধরার যে সুযোগ তৈরি হলো, সেটার দিকেই এখন বেশি মনোযোগী সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে শ্লথ হয়ে পড়া অর্থনীতিতে আপাতত উদ্দীপনা সঞ্চারের তেমন সুযোগ ও সম্ভাবনা যখন সীমিত, তখন প্রায় সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর উপযোগী রিজার্ভ নিয়ে তুষ্ট না হয়ে উপায় কী!বাস্তবতা হলো, বিভিন্ন কারণে কয়েক মাস ধরে আমদানি ব্যয় কমে গেছে। বিশ্ববাজারে পণ্যমূল্য কমে যাওয়ার পাশাপাশি দেশে উৎপাদন চাহিদাও হ্রাস পেয়েছে। তাই মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের মধ্যবর্তী কাঁচামাল আমদানিও তেমন বাড়েনি। বিপরীতে প্রবাসী আয় ও রপ্তানি আয় দুই-ই উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবার বেসরকারি খাতে বিদেশি ঋণ গ্রহণের সুযোগ করে দিয়েছে সরকার। এসব কারণে বৈদেশিক মুদ্রার চাহিদা কিছুটা কমেছে। আর এসবের যুগপৎ ফল হিসেবে রিজার্ভ বেড়ে গেছে। বর্তমানে দক্ষিণ এশিয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ভারতের পরই। রপ্তানি ও প্রবাসী আয়েও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে রূপ নিতে যাচ্ছে। প্রশ্ন হলো, তাতে কি বাংলাদেশের অর্থনীতির শক্তিমত্তার বিরাট প্রমাণ মেলে?নানা প্রচেষ্টা সত্ত্বেও অর্থনীতির প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। নীতি পরিচালনা ও অর্থনৈতিক অব্যবস্থাপনায় অদূরদর্শিতা-অদক্ষতা এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা। ইতিমধ্যে প্রভাবশালী বাণিজ্য সংগঠন মেট্রো চেম্বার এই বলে উদ্বেগ প্রকাশ করেছে যে সহিংসতার অবসান না হলে এ বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। সংগঠনটি এও বলেছে, রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ব্যাংকঋণ ব্যয়বহুল হওয়ায় বেসরকারি খাত নিরুৎসাহিত হচ্ছে। আর বেসরকারি বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে গতিময়তা অসম্ভব। সুতরাং, উচ্চ রিজার্ভ নিয়ে অতি উচ্ছ্বসিত না হয়ে বরং আগামী দিনগুলোয় অর্থনীতি যেন আরও শ্লথ হয়ে না পড়ে, সেদিকে একটু বেশি মনোযোগ দেওয়াই হবে প্রত্যাশিত।