উইকিলিকসে নতুন একগুচ্ছ তথ্য প্রকাশিত হওয়ার পর কংগ্রেস ও বিজেপির মধ্যে মৃদু ঝগড়া হলো। প্রকাশিত এ তথ্য থেকে অভিযোগ উঠেছে যে, রাজীব গান্ধী সুইডিশ জেটবিমান কেনায় মধ্যস্থতা করেছিলেন। নির্বাচনের আগে আগে এসব বিতর্কের কারণটা বোধগম্য। উইকিলিকসের হাতে আসা মার্কিন কূটনৈতিক তারবার্তার এই চালান থেকে জানা যাচ্ছে, সত্তরের দশকে সুইডিশ কোম্পানি সাব-স্ক্যানিয়া যখন ভারতের কাছে ভিগেন যুদ্ধবিমান বেচতে চেয়েছিল, তখন রাজীব গান্ধী ক্রেতা-বিক্রেতার মধ্যে মধ্যস্থতা করেছিলেন।ঠিক এই সময়েই কেন এটা প্রকাশিত হলো, তা নিয়ে কথা উঠবে। আবার এ অভিযোগ নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়াও অপ্রত্যাশিত ছিল না। কংগ্রেস বলেছে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ‘মিথ্যা ও অসত্য’ তথ্য ছড়াচ্ছেন। দলটি, এমনকি রাজীব গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকেও, বাতিল করে দিয়েছে। অন্যদিকে বিজেপি সুযোগ ছাড়তে নারাজ। তারা নতুন করে ফাঁস হওয়া অভিযোগগুলোর ব্যাপারে সরকারের ভূমিকা পরিষ্কার করার দাবি জানিয়েছে। কংগ্রেসও ছেড়ে কথা কয়নি। তারাও আরেকটি উইকিলিকস দলিলের অভিযোগের কথা তুলেছে; যেখানে বলা হচ্ছে যে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের এক বড় নেতা গোপন কার্যকলাপ পরিচালনার জন্য সিআইএর কাছে অর্থসাহায্য চেয়েছিলেন।আমার বক্তব্য এটা নয় যে, রাজীব গান্ধী জেটবিমান কেনার মধ্যস্থতা করেছিলেন, কি করেননি কিংবা এনডিএর নেতা সিআইএর কাছে টাকা চেয়েছিলেন, কি চাননি। যদি দুর্নীতির মাপকাঠিতেই দুটি দলকে পরিমাপ করতে হয়, তাহলে কংগ্রেস আর বিজেপির মধ্যে আমি তেমন পার্থক্য দেখি না। অথচ এই দুটি দলই ভারতীয় রাজনীতির বিরাট এলাকা নিয়ন্ত্রণ করে। দুটি দলের মুখই অনেক অনেক দুর্নীতির কেলেঙ্কারিতে কলঙ্কিত। একবার নয়, বহুবার তারা ধরা খেয়েছে। কিন্তু এখনো তাদের রাজনীতিও ধরা খায়নি এবং এখনো তারা দুর্নীতিতে নিমজ্জিত। দুটি দলই কাচের ঘরে বসবাস করে। নাট্যকার জর্জ বার্নার্ড শ-এর ভাষায় বললে বাতি জ্বেলে রেখে কাপড় বদলানো উচিত নয় তাদের। কংগ্রেস যদি বিজেপির সাবেক কেন্দ্রীয় নেতা বাঙ্গারু লক্ষ্মণের অস্ত্র ক্রয় কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে ঘাঁটায়, তাহলে বিজেপিও রাজীব গান্ধীর বোফর্স কেলেঙ্কারির ঘটনাকে সামনে নিয়ে কংগ্রেসকে বেকায়দায় ফেলবে। একজন যদি মামলাটা ‘বন্ধ’ করে দেওয়াকে যুক্তিযুক্ত করে, তাহলে অন্যজন দুর্নীতির লেনদেনকে জায়েজ করার চেষ্টা করবে। বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেই দুর্নীতিটা এত সুচারুভাবে আড়াল করতে পেরেছিলেন, ৬৫ কোটি রুপি লেনদেনের কোনো চিহ্নই পাওয়া যায়নি। তাহলে ঘটনা একই থাকে যে, উভয় দলই ক্ষমতায় থাকা অবস্থায় সরকারযন্ত্র এবং গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের স্বার্থমাফিক এমনভাবে ব্যবহার করেছে, এসব প্রতিষ্ঠানের আর কোনো নৈতিক অবস্থান টিকে থাকেনি। পুরো ব্যবস্থাটাই এভাবে অনৈতিক হয়ে পড়ে। বোফর্স কেলেঙ্কারির বেলায় আর সত্য চাপা দেওয়া সম্ভব হয়নি। ঘটনাটি দিনের আলো দেখতই না, যদি না ব্যবস্থাপনার ভেতর থেকে কেউ এ ব্যাপারে তথ্য না দিত। ২৭ বছর আগে বোফর্স কেলেঙ্কারি ফাঁস হলে পরে সমগ্র জাতি সচকিত হয়েছিল। কারণ, সেই তথ্যদাতা জানিয়েছিলেন, সুইডিশ কোম্পানি বোফর্স তাদের সঙ্গে করা চুক্তির খাতিরে কমিশন দিয়েছিল সরাসরি রাজীব গান্ধী সরকারকে। দুই বছর আগে, সেই গোপন ব্যক্তিটি জনসমক্ষে নিজের পরিচয় প্রকাশ করেন। জানা গেল যে তিনি আর কেউ নন, তিনি ছিলেন সে সময়ের সুইডিশ পুলিশ বাহিনীর প্রধান স্টেন লিন্ডস্টর্ম। তাঁরই অভিযোগ, রাজীব গান্ধী দুর্নীতির ঘটনায় নিজের নাম যাতে কোনোভাবেই জড়িত না হয়, সে জন্য সর্বোচ্চ সবকিছু করেছিলেন; যদিও তিনি নিজে ঘুষের ভাগীদার হননি। স্টেন লিন্ডস্টর্মের ভাষ্যের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বিপরীতে রাজীব গান্ধীকে আমরা দেখলাম, তিনি ঘুষগ্রহীতাদের বাঁচাতে নিজের ভাবমূর্তি জলাঞ্জলি দিয়েছেন। তাঁর এটাই করার কথা ছিল। তিনি মধ্যবর্তী ব্যক্তিদের দিয়ে টাকাটা যাতে দলের কাছে অথবা তাঁর পছন্দসই পরিবারের কাছে পৌঁছায়, তার ব্যবস্থা করেছেন। আর সেই মধ্যবর্তী ব্যক্তিরা ঘুষের একটা অংশ নিজের পকেটে ভরেছিলেন কমিশন হিসেবে। এটাও বোধগম্য, কেননা এই লেনদেনে তাঁরাও ঝুঁকি নিয়েছিলেন। ঘটনা যা-ই হোক, এসব লোকের যাতে কোনো ক্ষতি না হয়, সেই ব্যাপারটা দেখেছিলেন রাজীব গান্ধী স্বয়ং। আমার দৃষ্টিতে বোফর্স কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তদন্তকারী সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা। বিশেষত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আস্থা হারায়। রাজীব নিজে টাকা নেননি—এটা হয়তো কংগ্রেস ঠিকই বলেছে। কিন্তু সিবিআইয়ের আর বলার মুখ নেই যে বোফর্স মামলাটা পুনঃতদন্ত করার প্রয়োজন নেই। কারণ, দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হয়েও তারাই কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত করেছিল। ইউপিএ সরকারের কয়লাখনির বরাদ্দে দুর্নীতিও প্রাসঙ্গিক। প্রতিবেদন বলছে, সে সময় সিবিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের ডেকে নিয়ে গিয়েছিলেন আইনমন্ত্রী অশ্বিনীকুমার রায়, তাঁর সঙ্গে সে সময় ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা। তাঁরা তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখে বেশ কিছু জায়গায় সংযোজন-বিয়োজন করতে বলেন। সেসব করার পরই প্রতিবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে সিবিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তাকে তলব করেন। তাঁকে বলা হয়, তদন্ত প্রতিবেদনে সরকারি কর্মকর্তারা হাত চালিয়েছেন কি না, তা এফিডেভিটের মাধ্যমে জানাতে। তদন্ত প্রতিবেদনের স্ববিরোধী চরিত্রের কারণে সিবিআই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তাহলেও অস্বীকার করা যাবে না যে, সিবিআইও হলো কেন্দ্রীয় সরকারের আরেকটি বিভাগ; এর বেশি কিছু নয়।প্রথম আলোকে পাঠানো, ইংরেজি থেকে অনূদিতকুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।