বোমা মেশিনের ব্যবহার চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত জলমগ্ন এলাকায় পাথর কোয়ারি থেকে বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযানকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে করে কি ওই এলাকায় পাথর উত্তোলন বন্ধ হবে?

প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় লোকজনের মাধ্যমে পাথর তোলার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও পুলিশ সদস্যদের নিয়ে গঠিত টাস্কফোর্স মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গেলে বোমা মেশিন পরিচালনার সঙ্গে জড়িতরা পালিয়ে যান। এ সময় চারটি বোমা মেশিন জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পরে টানা সাড়ে চার ঘণ্টা অভিযান চালিয়ে বোমা মেশিনের পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ রাখার ৩৫টি স্থান চিহ্নিত করে উচ্ছেদ করা হয়।

প্রশ্ন হচ্ছে, রেলওয়ের রজ্জুপথের এই সংরক্ষিত এলাকায় কী করে পাথর উত্তোলন হচ্ছিল। প্রথম আলোর খবর অনুযায়ী, রজ্জুপথটি এখন ব্যবহৃত না হলেও এটি রেলওয়ের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এ জন্য আরএনবির ৩০ সদস্য এলাকাটি পালাক্রমে পাহারা দিচ্ছেন। তাঁদের চোখ এড়িয়ে তাহলে বোমা মেশিনের মতো বিধ্বংসী যন্ত্র দিয়ে পাথর উত্তোলন হচ্ছিল কীভাবে? পাথর উত্তোলনের সঙ্গে আরএনবির সদস্যদের কোনো অংশ জড়িত কি না, তা–ও খতিয়ে দেখা প্রয়োজন। 

বোমা মেশিন হচ্ছে এমন একটি যন্ত্র, যা দিয়ে ভূগর্ভ থেকে সহজে পাথর তোলা যায়। মাটির দেড় শ ফুট গভীর থেকে পাথর তুলতে পারে এটি। কিন্তু এ মেশিন দিয়ে পাথর তুললে আশপাশের ভূমি ধসে যাওয়ার আশঙ্কা থাকে। ভূগর্ভস্থ মাটির স্তর বদলে গিয়ে ভূ-প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বোমা মেশিনের ব্যবহার নিষিদ্ধ করেন।

এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে গত ৯ বছরে সিলেটে ১ হাজারের বেশি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। কিন্তু তারপরও বোমা মেশিনের ব্যবহার বন্ধ হয়নি।

 গত বছরের অক্টোবরে একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ভোলাগঞ্জ কোয়ারিসহ বেশ কয়েকটি কোয়ারিতে বোমা মেশিন চালাতে প্রতিদিন ৫ লাখ টাকা তোলা হয় কোম্পানীগঞ্জ থানার ওসির নামে। এ ছাড়া আরএনবি ও অন্য একটি নিরাপত্তারক্ষী বাহিনীর নামেও চাঁদা তোলা হয়। এই যদি বাস্তবতা হয়, তাহলে পাথর উত্তোলনের কাজে বোমা মেশিনের ব্যবহার বন্ধ হবে না কোনো দিন। এ ব্যাপারে এখন সরকারের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। যেসব প্রভাবশালী চক্র এভাবে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।