জেট এয়ারওয়েজ মুম্বাই পৌঁছে দেয় তিন ঘণ্টা ১৫ মিনিটে। সবার পেছনে গলদঘর্ম একজন যাত্রীকে জানালেন স্মার্ট এয়ারহোস্টেস, এই তো বিজনেস ক্লাসের প্রথম ওয়ান-সি আসনটিই আপনার। পানীয়? তৃষিতকে দিয়ো ‘তৃষ্ণার জল’।ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর। মুহূর্তে জাগ্রত ইতিহাসের পাতা। ১৩১৪ ভাদ্রে লেখা ‘একধর্মরাজ্যপাশে খ-চিহ্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দেব আমি’ পাঠ করার কালে, একাত্ম হইনি। আওরঙ্গজেবকে লেখা ছত্রপতির চিঠি পাঠ করে বিস্মিত হয়েছি, যেখানে তিনি লিখছেন: ‘মুহাম্মদ (সা.)-কে ধরণিতে পাঠানো হয়েছে “রহ্মাতুল আলামিন” হিসেবে, যেমনটি কোরআনে পড়েছি।’ হিন্দুত্বের পুনর্জাগরণ, মুম্বাদেবীর নাম বহন করে, মুম্বাই।৩০ বছর আগে শ্রোতাদের মাঝে শচীন দেববর্মণ, শিল্পী আমি। দুই ঘণ্টা গাওয়ার পর আলিঙ্গন পেলাম। বললেন, তোমাকে রেখে দিলে কেমন হয়? বললাম, আপনার ফেলে আসা সবুজ দেশের সন্তান আমি। জানি বোম্বেতে পাব আনুকূল্য, শিকড় যে বাংলায়, ‘সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’। শেষ গান। পরের বার আসি বিদুষী রোকেয়া দোসালের আমন্ত্রণে, তাঁর বাসায় বোম্বের নারীদের গজলের মাহফিল। সামনে বসে রানির মতো ওয়াহিদা রাহ্মান। গাইছি: ‘ন কিসিকি আঁখকা নূর হুঁ, ন কিসিকি দিলকা কারার হুঁ...’, ‘দিলকি উদাসিয়া ন গায়ি দিল চলা গ্যায়া’, ‘মেরি দাস্তানে হসরত, ওয়ো সুনা সুনাকে রোয়ে, পদ্মাকি মওজো [পদ্মার ঢেউ রে]’, ‘ইয়াদ আয়েকি না আয়ে তুম্হারে [মনে রবে কি না রবে আমারে]’, এমনই কত গান। গলাটা একটু ধরা ছিল, তাতে কী। চিনে নিল, পদ্মা মেঘনা যমুনার আহ্বান।শহরের নতুন পথ দিয়ে হেঁটে গেলে মনে হয় এলাম স্বপ্নপুরিতে, ছবির চেয়েও সুন্দর অট্টালিকারাজি, ভারতের সবচেয়ে সুন্দর শহর। তবে অধমের চোখে কিছুই এড়ায় না। ফাইভ স্টার হোটেলের চালক, বিমানবন্দরে নিতে এসেছেন, নাম জিজ্ঞেস করতে বললেন, নিজামউদ্দিন। জান ধক্ করে উঠল। জিজ্ঞেস করি, ওই যে ঝুপড়ির পর ঝুপড়ি দেখছি, ওখানে থাকে কারা? ম্লান হেসে বললেন, ওখানে থাকে গরিবেরা, যাদের ঠিকানা ৬০ বছরের স্বাধীন ভারতে ওই একটিই। মহারাষ্ট্রের ধুতির মতো করে শাড়ি পরা মহিলারা বড় বড় কলসি মাথায় নিয়ে চলেছেন পানির ব্যবস্থা করতে, অল্প পয়সার চা-পাতির দোকান, কমলা নিয়ে বসেছে ছোট ছোট ছেলেমেয়েরা। জীবনে কিছুই পায়নি, তবু লক্ষ করি ওদের শান্ত জীবন, এখানেই সাফল্য। বড়লোকদের সব থেকেও নেই শান্তি।ভারতের অগ্রগতি নির্ভরশীল টেকনোলজিক্যাল সাপোর্টের ওপর। হোটেলে পেলাম তিনটি পত্রিকা, তিনটি ম্যাগাজিন ও আইটির সব সুবিধা। যার যে রকম পছন্দ তেমনি ফুডকোর্ট। যার যারটা বেছে নাও। ব্যবসা ত্বরান্বিত করার জন্য তরুণীরা ছোটাছুটি করছেন, যেটি দেখে এসেছি জাপানে ৪০ বছর আগে। নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ব্যবসা করতে আরব, ইউরোপীয়, আমেরিকান, জাপানিরা এমন একটি দেশে, যেখানে ব্যবসা করে সুখ, সবকিছুর পরও আইনের প্রতি সুদৃঢ় সমর্থন। মুম্বাই ভারতে ব্যবসার দ্বার খুলে দিয়েছে। একমুহূর্তে পুরো ব্যাপারটি আমার কাছে পরিষ্কার হয়ে গেল, আইনের প্রতি শ্রদ্ধা ও বিদেশিদের প্রতি আগ্রহ এই হলো ব্যবসা এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি। ব্রেকফাস্ট বিরাট হলরুমে, করপোরেট দুনিয়ার নতুন অফিসাররা ব্রেকফাস্টও খাচ্ছেন, মিটিংও করছেন। সব বিজনেস মিটিং, বসে নেই কেউ, গালগল্প বা একে অপরের পেছনে, এগিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনায় উদ্বুদ্ধ প্রতিটি নরনারী।বলি, সুদীপ্ত সেনের পার্টির কথা। ইন্টারনেটে সার্চ করতে জনা দশেক একই নামধারী, উজ্জ্বলতম সুদীপ্ত সেন, আইটি জগতে ভারতে সম্মানের স্থানে উপনীত। ভাটিয়ালি ভাওয়াইয়া পরিবেশনার সময় খুঁজে পান হারানো গ্রাম, যা ছেড়ে এসেছেন চল্লিশের দশকে। ব্রাহ্মণবাড়িয়ায় তাঁদের প্রাসাদ, গেটে বাঁধা হাতি। মা ৮৫। একেকটি গান গাইছি, চোখের পানি মুছছেন। সন্তানসম সাইফুল আমিন, মুম্বাইতে সবার কাছে পরিচিত, বলেছিলেন আমন্ত্রণ জানাবেন সায়রা বানুকে। ইউসুফ ভাই অর্থাৎ দিলীপ কুমার অসুস্থ, ওঁরা আমার গান শোনা থেকে হলেন বঞ্চিত।সিঙ্গেল রিড হারমোনিয়াম, তবলিয়া মুম্বাইয়ের, মাইক্রোফোন নেই, তাতে কী। শ্রোতার আসনে ভারতের অধ্যাত্ম জগতের সম্মানিত পুরুষ সৌম্যকান্তি, সৈয়দ আজিজ নিজামী ৫৭, হজরত নিজামউদ্দিন আউলিয়ার বর্তমান সাজ্জাদ নাশিন, আমেরিকায় লন্ডনে শত মুরিদ। নজরুল ইসলামের উর্দু কাওয়ালি, সুর ঠুমরির বাদশা ওস্তাদ জমিরউদ্দিন খান। গাইলাম: ‘ম্যায় কেয়া কহুঁ কে ইশ্ক এ মুহাম্মদ্ নে কেয়া কেয়া’। আজিজ নিজামী বললেন, মেলাবার জন্য সামা।মুম্বাদেবী নয়, হিন্দুত্বের পুনর্জাগরণ নয়, আসল চালিকা ভারতের ৬.৫ শতাংশ জিডিপি-প্রবাহ, ২৫ শতাংশ শিল্পপ্রবাহ ও ৭০ শতাংশ সমুদ্র বাণিজ্যপ্রবাহ, ভারতীয় অর্থনীতির ৭০ শতাংশ। ২০০৮ সালে মুম্বাইয়ের জিডিপি ছিল ১০ লাখ কোটি রুপি আর পার ক্যাপিটা আয় ২০০৯ সালে নয় হাজার ডলার, যা ভারতীয়দের আয়ের চেয়ে তিন গুণ বেশি। ভারতের যা কিছু সুন্দর, পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে বলিউড ও মারাঠি ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি। বড় বৈজ্ঞানিক ও আণবিক কেন্দ্রগুলো এখানে। সমগ্র ভারত থেকে ছুটে আসছেন নতুন মানুষ ঘর করতে, কারণ যেখানে ব্যবসা সেখানেই মানুষ এসে অংশ নেয় নতুন সংস্কৃতির প্রবাহে। ‘দেবে আর নেবে, মিলাবে মিলিবে’।মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্য-সংগীতব্যক্তিত্ব। [email protected]