বোস্টন বোমা নিয়ে পাঁচ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোস্টন বোমা নিয়ে হয় কেউ কিছু জানে না, অথবা সবাই সব জানে। বোমারুদের ধরার অভিযানের সরাসরি প্রচার ২৪ ঘণ্টা ধরে যখন চলে, তখন তাকে মনে হয় যেন হলিউডের ছবি। একটা সময় ছিল, যখন তথ্য পাওয়াই ছিল অনিশ্চিত। কোনো ঘটনাকে যা মনে হচ্ছে, তা নিয়ে নিশ্চিত হওয়ার সূত্র সুচারুভাবে থানা ও সংবাদপত্র দপ্তরের বন্ধ দরজার আড়ালে লুকিয়ে রাখা হতো। বিভ্রান্তি কাটানো সহজ ছিল না। কিন্তু এখন সমগ্র দুনিয়াই যখন লাইভ প্রচারের দর্শক, তখন তারা তাদের দেখার ভ্রান্তিরও সম্প্রচারক। যারই টিভি দেখার সুযোগ আছে, আছে কম্পিউটার অথবা মুঠোফোন, সেই দর্শক হতে পারে। এবং একই সঙ্গে তাদের পাহাড়প্রমাণ তথ্যের ভেতর থেকে সত্য খুঁজতে হয়। পুলিশি অভিযানের গুজব অথবা তা সরাসরি দেখা নিয়ে হয়তো কেউ কথা বলছে আবার কেউ কথা বলছে দুই অভিযুক্ত যুবকের আদর্শিক ঝোঁক বিষয়ে। যখন এই লেখা তৈরি করছি তখনো দৃশ্যপট পরিষ্কার নয়। কিন্তু অন্তত পাঁচটি দিক নিয়ে কথা বলা যায়, যা হয়তো সময়ের ধোপে মুছে যাবে না। দেশি অথবা বিদেশি সন্ত্রাসবাদের সীমা আবছা হয়ে গেলগত সোমবারের বিস্ফোরণ এবং তার পরে অভিযুক্তদের ছবি প্রকাশের মধ্যবর্তী সময়ে যে প্রশ্নগুলো বড় হয়ে উঠেছিল; সেগুলো এ রকম—যারা এমন কাজ করতে পারে, তারা কারা? তারা কি আমেরিকার ভেতরের, নাকি বহিরাগত? তারা কি আমাদের লোক, নাকি আমাদের বাইরের?যুক্তরাষ্ট্র এবং বিশেষত এর গণমাধ্যম ১৮ বছর আগে এক কঠিন শিক্ষা পেয়েছিল। ওকলাহোমা শহরে বোমা বিস্ফোরণ ঘটার পর অনেকেই ধরে নিয়েছিল যে একমাত্র বিদেশি সন্ত্রাসীরা, খুব সম্ভব মুসলমানরাই মার্কিন বেসামরিক নাগরিকদের ওপর এমন আচরণ করতে পারে। কিন্তু যেই জানা গেল, সন্ত্রাসবাদী লোকটি বিদেশি কেউ নয়, সে উপসাগরীয় যুদ্ধ-ফেরত একজন শ্বেতাঙ্গ বর্ণবাদী সৈনিক, যার নাম টিমোথি ম্যাকভেই। জনমত তখন বিরাট ধাক্কা খেল। অনেক গভীরে পৌঁছল সেই ধাক্কা।তারপর, আমেরিকানরা বোঝা শুরু করল, স্থানীয়ভাবে উৎপন্ন সন্ত্রাসবাদও থাকতে পারে। যদিও ফেডারেল সরকার বরাবরই এটা অস্বীকার করে এসেছে। সুতরাং ম্যাকভেই ধরনের সন্ত্রাসবাদের পরে এল আন্তর্জাতিক ধরনের সন্ত্রাসবাদ। টুইন টাওয়ার হামলার মধ্যে এই দ্বিতীয় ধরনটি সামনে চলে এল।কিন্তু বোস্টন ম্যারাথন বোমার হোতা যদি সারনায়েভ ভাইয়েরা হয়ে থাকে, তাহলে ওপরের ওই দুই ধরনের সন্ত্রাসবাদের মধ্যকার পার্থক্যরেখাটি আবছা হয়ে যাবে। একদিকে তারা যেমন ম্যাকভেইয়ের মতো জন্মগতভাবে আমেরিকান নয়, অন্যদিকে নাইন-ইলেভেনের হোতাদের মতো বিদেশাগতও নয়, বরং তারা হলো আমেরিকায় নবাগত। হয়তো শৈশবেই তারা এখানে এসেছে।ঘটনা হলো, আজকের বিশ্বায়িত দুনিয়ায় কোনো জায়গাকেই আর দূরের ভাবতে পারছি না। কারণ, দূরই এখন কাছে।আমেরিকান আদর্শের ফুটো২০০৫ সালে ব্রিটিশ বংশোদ্ভূত ব্যক্তিরা লন্ডনের পাতালপথ ও একটি বাসে বোমা ফাটানোর পরে ব্রিটিশরা গভীর আত্মানুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ে। যাদের জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনে, তারা কীভাবে তাদের স্বদেশীয়দের থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেল যে তাদের তারা হত্যা করতে পারল—এমন প্রশ্ন ওঠে। কেউ কেউ বলেছিল, আমাদের আরও উচিত বৈচিত্র্যপূর্ণ জাতীয় বন্ধনের পরিচর্যায় আমাদের আরও মনোযোগী হওয়া। আমরা বলেছিলাম, ব্রিটেন যখন সাংস্কৃতিক বহুত্ববাদের মাধ্যমে ভিন্ন ভিন্ন সম্প্রদায়কে একই সঙ্গে তাদের ঐতিহ্যকে ভালোবাসা ও বৈচিত্র্যকে উদ্যাপনের শিক্ষা দিচ্ছে, তখন আমেরিকানদেরও উচিত ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর ব্যবস্থা করা। আর এ কাজে আমেরিকা নিজেই তো নিজের আদর্শ হতে পারে। কারণ, এখানে মিশ্র পরিচয়ের উদ্যাপন অনেক পুরোনো। যেমন, আইরিশ-আমেরিকান, ইতালীয়-আমেরিকান এবং এ রকম আরও অনেকে। তবে এখানে হাইফেনের উভয় পারের পরিচয় সমান গুরুত্ব দেওয়ার ব্যাপার থাকতে হবে। অর্থাৎ কেউ তার ইতালীয় ঐতিহ্য এবং বর্তমান আমেরিকান পরিচয় উভয় নিয়েই যেন চলতে পারে। আমেরিকান স্বপ্নের কথা এখন ফিকে হয়ে গেছে, আমেরিকাকে যে বলা হতো গলনপাত্র, যেখানে ভিন্ন ভিন্ন ভাষা ও পরিচয়ের মানুষ এসে এক হয়ে যেত; সেটাও এখন বহুল ব্যবহারে জীর্ণ। তা সত্ত্বেও একজন অভিবাসীর নিজের মেধা ও উদ্যম দিয়ে পূর্ণ আমেরিকান হয়ে যেতে পারা, সংস্কৃতির মধ্যে মিশে যেতে পারা; এমনকি একদম শীর্ষ পর্যন্ত উঠে যেতে পারার সুযোগের মধ্যেই দেশটা নিজের সত্যিকার স্বরূপ খুঁজতে চাইত। ২০০৫ সালে আমি একজন মুসলিম-আমেরিকান নেতার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছিলেন, একজন মুসলিম কেন সমগ্র সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন বোধ করবে, এমন কারণ তিনি দেখতে পান না। কিন্তু সারনায়েভ ভাইরা আমেরিকান সংজ্ঞার কেন্দ্রীয় গল্পটাকে চ্যালেঞ্জ করেছে। তারা একসময় ছিল একটা আদর্শ অভিবাসীর উদাহরণ। ছোট ভাইটা তার স্কুলে খুবই জনপ্রিয় ছিল। ছিল সক্ষম এক যুবক। সম্প্রতি সে মেডিকেল শিক্ষায় ভর্তি হয়েছিল। তার ফেসবুক-টুইটারে নিজের স্বপ্নের কথা যা বলেছে, তা-ও একেবারে খাঁটি আমেরিকান আদর্শই বলা যায়। সে লিখেছিল, টাকা ও ক্যারিয়ারই তার স্বপ্ন। বড় ভাই ছিল মুষ্টিযোদ্ধা হিসেবে পুরস্কৃত। এটাও ছিল অভিবাসীদের আত্মপ্রতিষ্ঠার গড়পড়তা উদাহরণ। একসময় সে বলেছিল, ‘আমার একজনও আমেরিকান বন্ধু নেই, আমি ওদের বুঝতে পারি না।’ এ ঘটনা আমেরিকানদের নড়িয়ে দেওয়া উচিত। তাদের জানা উচিত যে তাদের দেশ একসময় বহিরাগতদের অনুগত নাগরিকে বদলে ফেলার যে আকর্ষণীয় জাদুতে সফল হতো, এখন সেই জাদু আর কাজ করছে না। আমেরিকাকে বলা হতো গলনপাত্র, কিন্তু এখন সেখানে আর সবাই গলে এক হয়ে যাচ্ছে না। যেতে পারছে না। বারাক ওবামার উদারতার পথে বাধাসব যুক্তিবান মানুষই বলবেন, মাত্র দুজন অভিবাসীর দায়ে লাখ লাখ অভিবাসীকে অভিযুক্ত করা যাবে না। কিন্তু রাজনীতি সব সময় যুক্তি মেনে চলে না। ওবামা অভিবাসন নীতির বিষয়ে উদার ছিলেন। কিন্তু এখন তাঁকে রক্ষণশীলদের মোকাবিলায় যথেষ্ট বেগ পেতে হবে। ওই দুই ভাই-ই যে বোমা হামলার জন্য দায়ী, তা এখনো সম্পূর্ণ প্রমাণিত না হলেও রক্ষণশীলেরা বলবে, তাদের কাজই প্রমাণ করেছে অভিবাসীদের সহজে নাগরিকত্বের অধিকার দেওয়া যাবে না। অন্যদিকে গত বছরের নির্বাচনী পরাজয়ের পর রিপাবলিকানরা তাদের নীতি আরও উদার করার যতটা চিন্তা করছিল, উদারনীতির জন্য তাদের দরজা আবারও বন্ধ হয়ে যাবে। জনতার নজরদারিটুইটারের যুগে এটাই প্রথম বড় সন্ত্রাসবাদী হামলা। এবারের ঘটনায় দেখা গেল, টুইটারের লাখ লাখ ব্যবহারকারী নিজেরাই নেমে পড়েছে সন্দেহভাজনদের ধরিয়ে দিতে। এই প্রবণতার নাম দেওয়া যায় ‘ক্রাউডসোর্সিং’। দুজন সন্দেহভাজনের নাম আসামাত্রই জনতা উন্মত্ত হয়ে এ ব্যাপারে মন্তব্য করতে থাকল। প্রজ্ঞার বদলে তারা সরবরাহ করতে থাকল ভুলভাল অজস্র তথ্য। তারা দুই ভাইয়ের সম্পর্কে জানা সবকিছু উগরে দিতে থাকল। যেন ফিরে এল ওয়েস্টার্ন সিনেমার শেরিফ আর তার সাঙ্গাতের গল্প। পুলিশের মতো নজরদারির দায়িত্ব নিল সবাই। এমনকি নিরীহ ব্যক্তিদেরও সন্ত্রাসবাদী বলা হতে থাকল। এতে পুলিশেরই বরং সমস্যা বেড়ে গেল। একপর্যায়ে তারা সরাসরি সম্প্রচার বন্ধের জন্য টেলিভিশন চ্যানেলগুলোকে অনুরোধও জানাল। এ ধরনের ঘটনা একেবারে নতুন।প্রতিষ্ঠিত গণমাধ্যমেও হুজুগবুধবারে সিএনএন একজনকে গ্রেপ্তারের খবর প্রচার করল, বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস দুজন নিরীহ ব্যক্তির ছবি ছাপল তাদের প্রথম পৃষ্ঠায়। গণমাধ্যমগুলোতে প্রতিযোগিতা লেগে গেল। সবাই আগে খবর পেতে চায়। কিন্তু অনেক সময় যে আগে যায়, সে ভুলও করে। ঘটনা হলো, আমরা এখনো কম জানি। কিন্তু একটা বিষয় নিশ্চিত জানি, অনেক নিরীহ মানুষ ইতিমধ্যে মারা গেছে এবং তারা আর কখনো ফিরে আসবে না। গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিতজোনাথন ফ্রিডল্যান্ড: ব্রিটিশ সাংবাদিক।