বৌদ্ধপল্লিতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার কক্সবাজারের রামু উপজেলায় ও রোববার টেকনাফ, উখিয়া ও চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বৌদ্ধ জনগোষ্ঠীর বসতবাড়ি ও উপাসনালয়গুলোতে হামলার যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। রামুর পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কোরআনের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে বলে ওই সব অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের কিছু অংশ বিক্ষুব্ধ হয়ে বৌদ্ধপল্লিগুলোতে হামলা চালিয়েছে। কিন্তু এটা বাস্তবভিত্তিক বলে মনে হয় না। কারণ, ফেসবুকে ছবি ট্যাগ করা হয়েছিল শনিবার রাত আটটার দিকে। আর রাত ১০টার মধ্যেই হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে রামুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে দেয়। তারপর বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে মানুষ আসতে থাকে, রাত ১২টার পর থেকে সংঘবদ্ধভাবে তারা বৌদ্ধমন্দিরগুলোতে আগুন ধরিয়ে দেয়। রামু উপজেলায় অক্ষরজ্ঞানসম্পন্ন মানুষের হার মাত্র ৩৪ শতাংশ, তাদের মধ্যে কতজনের কম্পিউটার আছে, কতজনই বা ইন্টারনেট ব্যবহার করে আর ওই অল্প সময়ের মধ্যে কতজন ফেসবুক দেখেছে? ফেসবুকের কথিত ছবি এই হামলার কারণ—এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।দ্বিতীয়ত, রামুর চৌমুহনী শহরে শনিবার রাত ১০টা থেকে যখন বিক্ষুব্ধ জনতার মিছিল-সমাবেশ শুরু হয়, তারপর রামু থানার পুলিশ, কক্সবাজার শহর থেকে পাঠানো অতিরিক্ত দাঙ্গা পুলিশ এবং রাত ১১টা থেকে র্যা বের সদস্যরা মাঠে নামার পরও কীভাবে রাত ১২টার পর থেকে বৌদ্ধমন্দিরগুলোতে হামলা হতে পারল? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এত দীর্ঘ সময়েও কেন সহিংসতা দমন করতে ব্যর্থ হলো? সুপ্রশিক্ষিত ও সদা তৎপর র্যা বের সদস্যরাও কেন ব্যবস্থা নিলেন না? পরের ঘটনাগুলো খেয়াল করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শনিবার রাতভর রামুতে এই বর্বরতা ঘটে গেছে, পরদিন দুপুর থেকে টেকনাফে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করার পরও বৌদ্ধদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উখিয়ায় দুপুর থেকে বিক্ষুব্ধ লোকজন মিছিল করেছে, বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত বিভিন্ন বৌদ্ধবিহারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আগের দিন একটি উপজেলায় যা ঘটেছে, পরদিন আরও দুটি উপজেলায় তার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশ ও বিজিবির সদস্যরা কেন সক্ষম হলেন না, তা অবশ্যই তদন্ত করে দেখা উচিত।স্বরাষ্ট্রমন্ত্রী ও শিল্পমন্ত্রী রোববার রামুতে আক্রান্ত বৌদ্ধপল্লি পরিদর্শন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন, আবার তদন্তের আগেই বলেছেন, সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে মন্দিরে হামলা করেছে। রামু আওয়ামী লীগের নেতা এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন। আমরা এই মুহূর্তে দলমত-নির্বিশেষে সবাইকে উপদ্রুত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সেই সঙ্গে চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক ও দৃষ্টান্তমূলক শাস্তি পাক। হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে মানবতার জয় হোক।