গত শনিবার ভোররাত থেকে একটি বিষয় এ দেশের শান্তিকামী ও অসাম্প্রদায়িক মানুষদের বিরাট এক উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। গণমাধ্যমের বদৌলতে এ কথা এখন প্রায় সবাই অবহিত হয়েছেন— বাংলাদেশের কক্সবাজারের রামুতে কী ঘটনা ঘটে গেছে এবং টেকনাফ, উখিয়া, পটিয়া পর্যন্ত যে একই রকম সহিংসতা ছড়িয়ে গেছে।গণমাধ্যম ও আমাদের নিজস্ব তথ্য সংগ্রহের যে উৎসগুলো আছে, তা থেকে জানা যায়, শনিবার রাত ১০টার কাছাকাছি সময় থেকে কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দির, স্থানীয় ভাষায় যাকে কিয়াং বলা হয়, তার ওপর আক্রমণ হয়েছে। কিছু হিন্দু মন্দিরও আক্রমণের আওতায় পড়েছে এবং একই সঙ্গে ১০টি গ্রামে আগুন লাগানো ও লুটতরাজের মতো ঘটনাও ঘটেছে। টেকনাফের হোয়াইক্যং নামের একটি জায়গায় পুলিশের গুলি চালাতে হয়েছে এবং উখিয়ার পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে দুজন পুলিশসহ ১২ জন আহত হন। এসব স্থানে কর্তৃপক্ষ ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়।এ কথা এখন আর কারও অজানা নয়, আক্রমণকারীরা সবাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীরই লোক এবং আক্রমণটা হয়েছে বৌদ্ধ জনগোষ্ঠীর ওপর। আক্রমণের অজুহাত হচ্ছে, কোন এক উত্তম বড়ুয়া নামক বৌদ্ধ ব্যক্তি তার ফেসবুকের দেয়ালে পবিত্র কোরআন শরিফের অবমাননা করে ‘পোস্টিং’ দিয়েছিল। তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে বৌদ্ধ জনগোষ্ঠীর ওপর এই আক্রমণ। খবরে জানা যায়, ১০০ থেকে ৩০০ বছরের পুরোনো বৌদ্ধমন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, সোনার বুদ্ধমূর্তি এবং দানবাক্স লুট করা হয়েছে। তাতেও ক্ষান্ত না হয়ে বৌদ্ধদের আবাসিক অঞ্চলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যে, যারা এই কাজ করেছে, তারা ঘটনার শুরুতেই ফেসবুক থেকে সেই ছবি ছাপিয়ে পোস্টার বানিয়ে তা প্রদর্শন করে উসকানিমূলক বক্তব্য দিতে থাকে। নিমেষের মধ্যে নাইক্ষ্যংছড়ি থেকে ট্রাকভর্তি বিক্ষোভকারীরা এসে আক্রমণের কাজে লেগে পড়ে। তাদের হাতে স্পষ্টত পেট্রল ও পাউডার-জাতীয় পদার্থ ছিল, যা দিয়ে আগুন লাগানো হয়েছে। এটাও জানা গেছে যে একটি জাহাজ তৈরির কারখানার ৫০০ কর্মীও মন্দির আক্রমণে অংশগ্রহণ করে। পটিয়ায়ও দুটি বৌদ্ধমন্দিরে আগুন লাগানো হয়েছে একই কায়দায়।আমাদের তথ্য অনুযায়ী, রাত নয়টার দিকে রামু শহরের চৌমুহনী এলাকায় পরিচিতজনদেরই একটা সভা বসে, যেখানে ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননার বিষয়টি তোলা হয়। সেখানে একসময় স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, যাঁরা যথাক্রমে বিএনপি ও আওয়ামী লীগের সদস্য, তাঁরা উপস্থিত হন। একটি ভাষ্য হচ্ছে, তাঁরা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। এদিকে আক্রমণের ঘটনাগুলো ঘটতে শুরু করে মধ্যরাত থেকে, যা প্রায় সকাল পর্যন্ত চলে। প্রশ্ন তোলা যায়, স্থানীয় জনপ্রতিনিধিদের দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন উপস্থিত থেকে উত্তেজিত জনতাকে শান্ত করতে সচেষ্ট থাকলেন দু-তিন ঘণ্টা ধরে, তখন সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন কী করছিল? তারা কি কোনো খবর পায়নি? অত্যন্ত প্রশংসনীয়ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর পরদিন যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রীয় পুলিশ, র্যা ব, বিজিবির কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। তাঁদের ঘটনাস্থলে উপস্থিত হওয়া আক্রান্ত জনগণকে সাহস ও নিরাপত্তাবোধ দিয়েছে, আমাদেরকে আশাবাদী করে তুলেছে যে সরকার সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি দেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ করি, স্থানীয় প্রশাসন ও পুলিশ তখনই তাদের তৎপরতা প্রদর্শন করে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেলেন। এর আগে তারা নিষ্ক্রিয় ছিল। তাদের এ হেন আচরণের পেছনে কোনো যুক্তি বা কৈফিয়ত কি গ্রহণযোগ্য হতে পারে?মন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন যে এটা পূর্বপরিকল্পিত। ঘটনাদৃষ্টে এ ব্যাপারে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। তা হলে আমাদের গোয়েন্দা বাহিনীর সদস্যরা কী করেন? আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে, তা বিশেষ কোনো ব্যক্তি হোন, কোনো সংগঠন, এনজিও বা রাজনৈতিকভাবে চিহ্নিত মানুষ, যেই হোন না কেন—ডিজিএফআই, এনএসআই, এসবির উপস্থিতি টের পান না, সেটা বিরল হয়ে দাঁড়িয়েছে। এত বড় ঘটনার পূর্বপরিকল্পনা চলল, অথচ এর কোনো হদিস তারা করতে পারল না! বিশেষ করে এমন একটা রাজনৈতিক পরিস্থিতিতে যখন বিশ্বব্যাপী একটা সাম্প্রদায়িক হানাহানির পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে ধর্মীয় উগ্রবাদীরা ন্যূনতম সুযোগে তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। দেশে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে উপনীত প্রায়, জঙ্গিবাদ ভালো রকম একটা ধাক্কা খেয়েছে। বহু দুর্বলতা সত্ত্বেও মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার একটা সুযোগ এসেছে। তখন যে পুরোনো ধর্ম ব্যবসায়ীরা এসব বানচাল করার চেষ্টা করবে, সেটা কি রাজনীতিকদের কাছে খুবই একটা অভাবনীয় বিষয়?দেশের মধ্যে স্বাধীনতাবিরোধীদের যে নানামুখী তৎপরতা চলছে, চলবে—সে খবর রাখার দায়িত্ব তা হলে কার? গোয়েন্দা কার্যক্রম এসব খবর রাখতে বা সময়মতো উপস্থাপন করতে বারবার ব্যর্থ হচ্ছে কেন? প্রশাসনই বা এত শ্লথ কেন? এটা কি তাদের অদক্ষতা, না মানসিকতার প্রতিফলন? সেটা যা-ই হোক, এত মানুষের এ ক্ষতি ঘটতে দেওয়ায় এদের যথাযথ বিচার ও শাস্তি হওয়া উচিত। আজকে এসব ব্যাপারে গুরুত্ব দিয়ে চিন্তা করতেই হবে এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে কার্যকর পরিকল্পনার মাধ্যমে সরকার ও স্থানীয় জনগণের সহযোগিতার মধ্য দিয়েই এসব ধর্ম ব্যবসায়ী, উগ্র সাম্প্রদায়িক শক্তিকে থামাতে হবে। তা করতে হবে এখনই, যেন তারা কোনো অবস্থায়ই বাংলাদেশকে আর পেছন দিকে টেনে নামাতে না পারে।সুলতানা কামাল: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবংসাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।