‘বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস ১৯৯৭-২০১৫’ প্রতিবেদনে স্বাস্থ্য ব্যয়ের যে তথ্য দেওয়া হয়েছে, তা সত্যিই হতাশাজনক। প্রতিবেদন অনুযায়ী দেশের স্বাস্থ্য খাতে যে অর্থ ব্যয় হয়, তার মাত্র ২৩ ভাগ বহন করে সরকার আর ৬৭ ভাগ ব্যয় করে ব্যক্তি নিজে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিটের তৈরি করা প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০১২ সালে মোট স্বাস্থ্য ব্যয়ের ৬৩ শতাংশ বহন করত ব্যক্তি নিজের পকেট থেকে। আর এখন তা বেড়ে ৬৭ শতাংশ হয়েছে। আর এনজিও ও দাতা সংস্থাগুলো বহন করছে ১০ শতাংশ। স্বাস্থ্য ব্যয় বাড়লেও সরকারি অংশের খরচ কমেছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের মানুষই স্বাস্থ্যের জন্য নিজের পকেট থেকে সবচেয়ে বেশি ব্যয় করে।
প্রতিবেদনের এসব তথ্য মোটেই আশাব্যঞ্জক নয়। স্বাস্থ্য খাতের মতো এমন একটা গুরুত্বপূর্ণ খাতের এ রকম চেহারা দেখলে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না। আমাদের দেশের দরিদ্র মানুষেরা তাদের চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল। কিন্তু সেখানে যদি তাদের নিজের পকেট থেকে অর্থ খরচ করতে হয়, তবে তা দুঃখজনকই বটে।
বিশেষজ্ঞ মহল থেকে বলা হচ্ছে ওষুধের দাম, চিকিৎসকদের রোগী দেখার ফি ও পরীক্ষা-নিরীক্ষার খরচ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য খাতে ব্যক্তি পর্যায়ে খরচ ক্রমেই বেড়ে চলেছে। ব্যবস্থাপত্রে অপ্রয়োজনীয় ওষুধ লেখা বা প্রয়োজন ছাড়াও অস্ত্রোপচারের পথ ধরায় চিকিৎসা ব্যয় বাড়ছে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ ব্যাপারে সরকারের যেন কোনো দায় নেই।
দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ জিডিপির মাত্র ২ দশমিক ৮ শতাংশ। এই বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে না পারলে অবশ্য ব্যয় বাড়িয়েও কোনো লাভ হবে না। সরকারি হাসপাতালগুলোতে যাতে পর্যাপ্ত ওষুধ থাকে, সে ব্যবস্থা করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা যন্ত্রপাতির যেন যথাযথ ব্যবহার হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।