ব্যবসা পরিচালনার পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সেবা ও উৎপাদন খাতের ৭৭ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী বা উদ্যোক্তার অভিমত, সরকারের সঙ্গে তাঁদের সম্পর্ক ‘খারাপ’। এটি একটি হতাশাব্যঞ্জক খবর। কারণ, কোনো দেশ সরকারের সক্রিয় সহযোগিতা ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ব্যবসা-বাণিজ্যে উন্নতি করতে পারে না, ফলে জাতীয় অর্থনীতির অগ্রগতি বাধাগ্রস্ত হয়।
জেনেভাভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) পক্ষে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালিত এক জরিপে অংশগ্রহণকারী ওই শীর্ষস্থানীয় ব্যবসায়ী-উদ্যোক্তারা বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে যে তিনটি প্রধান সমস্যা চিহ্নিত করেছেন, সেগুলোও সরকার ও রাজনীতিকদের সঙ্গে সম্পর্কিত। অপর্যাপ্ত অবকাঠামো, দুর্নীতি ও অদক্ষ আমলাতন্ত্র—এই পরিবেশ যে ব্যবসাবান্ধব নয়, তা বলাই বাহুল্য। তাঁদের ভাষ্য অনুযায়ী, রাজনীতিবিদদের নৈতিক মান ভালো নয়—এটিও একটি গুরুতর মৌলিক সমস্যা। কারণ, নৈতিকভাবে দুর্বল রাজনীতিবিদদের দিয়ে জনমুখী, দক্ষ ও কার্যকর শাসনব্যবস্থা গড়ে ওঠা অসম্ভব এবং তাঁদের দ্বারা পরিচালিত সরকারের দুর্নীতিপ্রবণ হওয়াই স্বাভাবিক। আর সরকার অদক্ষ ও দুর্নীতিপ্রবণ হলে অবকাঠামোর অপর্যাপ্ততা ও আমলাতন্ত্রের অদক্ষতা দূর হওয়া কঠিন। একই কারণে ব্যবসায়ী-উদ্যোক্তাদের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো হওয়ার কথা নয়।
সামগ্রিকভাবে এই পরিবেশ বজায় থাকলে বৈশ্বিক পরিসরে ব্যবসা-বাণিজ্যের প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়ার সুযোগ নেই। তীব্র প্রতিযোগিতার এই যুগে যেসব দেশের জাতীয় অর্থনীতি অন্যদের তুলনায় অধিকতর দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, তাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার ব্যবসা পরিচালনার সামগ্রিক পরিবেশ উন্নত করা, ব্যবসায়ী-উদ্যোক্তাদের সর্বতোভাবে সহযোগিতা দেওয়া। সে জন্য তারা অবকাঠামোর প্রসার ও উন্নয়নের প্রতি বিশেষ দৃষ্টি দেয়। চেষ্টা করে আমলাতন্ত্রের অদক্ষতা ও দীর্ঘসূত্রতা দূর করে ব্যবসা-বাণিজ্যের পথ মসৃণ ও সুগম করতে এবং দুর্নীতির রাশ টেনে ধরতে৷
এসব ক্ষেত্রে বাংলাদেশের চিত্রটি বিপরীত এবং তা শুধু হতাশাব্যঞ্জক নয়, দুশ্চিন্তারও বিষয় বটে। এই চিত্র বদলাতে হবে, না হলে প্রবল প্রতিযোগিতাপূর্ণ এই বিশ্বে আমরা পিছিয়ে পড়ব। ব্যবসা-উদ্যোগের পরিবেশ উন্নয়নের জন্য এগিয়ে আসতে হবে রাজনীতিবিদদের। কারণ, তাঁরাই সরকার গঠন ও পরিচালনা করেন।