প্রবীণ ভারতীয়-বাঙালি অর্থনীতিবিদ অশোক মিত্র দুই বছর আগে ঢাকায় এসেছিলেন। তখন এক বক্তৃতায় তিনি বলেছিলেন যে অর্থনীতিই অর্থনীতির শেষ কথা নয়, রাজনীতিই হলো এর মূল নিয়ামক। এভাবেই তিনি ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির ওপর রাজনীতির প্রভাবকে বিবৃত করেছিলেন। অপ্রিয় হলেও এটিই বাস্তবতা। আর এই বাস্তবতা মেনে নিয়েই ঢাকায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) আন্তর্জাতিক সম্মেলনে আহ্বান জানানো হলো, ব্যবসার মধ্যে রাজনীতির অশুভ তৎপরতা যুক্ত না করার। রাজনীতির বিষময়তা যেন ব্যবসা-বাণিজ্যকে আক্রান্ত না করে, সে জন্য সতর্ক হওয়ার।
দেশি-বিদেশি উচ্চপর্যায়ের সরকারি নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞরা দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন তাঁদের চিন্তাভাবনা তুলে ধরার জন্য। মূলত বিশ্ব অর্থনীতিতে এশিয়ার অবস্থান ও পথচলা ছিল এর প্রতিপাদ্য। আর কে না জানে, এশিয়ার অনেক দেশেই রাজনীতির প্রভাব কীভাবে অর্থনীতির সম্ভাবনাকে রুদ্ধ করে দিচ্ছে। আবার এশিয়ার কোনো কোনো দেশ ইতিবাচক রাজনীতির সহায়তায় ব্যবসা-বাণিজ্যকে অনেক ওপরে নিয়ে গেছে।
ব্যবসায় রাজনীতি আনা উচিত নয়ব্যবসায় রাজনীতিকে টেনে না আনার আহ্বানটি রাজনীতিবিহীন পরিস্থিতি তৈরির ইউটোপিয়া নয়। বরং ব্যবসা-বাণিজ্যকে যেন রাজনীতি সহযোগিতা করতে পারে, সে রকম প্রয়াস তৈরির আহ্বান। ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা। প্রবৃদ্ধি কর্মসংস্থান তৈরি করে। কর্মসংস্থান হলে দারিদ্র্য কমে। সুতরাং রাজনীতির স্বার্থেই ব্যবসাকে যথাযথ সহযোগিতা দেওয়া আবশ্যক। আর তা সম্ভব সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও দক্ষ করে তোলার মাধ্যমে।
নির্বাচিত জনপ্রতিনিধি, স্বাধীন বিচার বিভাগ ও সক্রিয় নাগরিক সমাজ মিলে রাজনীতির ইতিবাচক সক্ষমতাকে বহুদূর নিয়ে যেতে পারে, পারে অর্থনীতিকে গতিশীল করতে। রাজনীতিতে থেকে ব্যবসায় প্রভাব খাটানো, চাঁদাবাজির মহোৎসব আর মুফতে কোটি কোটি টাকার মালিক হওয়ার মতো কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা না গেলে শেষ পর্যন্ত রাজনীতি নেতিবাচক রূপ ধারণ করতেই বাধ্য।