ব্যবসার পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা করার পরিবেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ আফগানিস্তানে। কারণ সম্ভবত বোধগম্য: যুদ্ধ, সন্ত্রাসবাদ, জাতি-গোষ্ঠীগত সহিংসতায় দেশটি পর্যুদস্ত। কিন্তু বাংলাদেশের অবস্থা কেন আফগানিস্তানের প্রায় কাছাকাছি, কেন এই দেশের ব্যবসার পরিবেশ দক্ষিণ এশিয়ার বাকি সব দেশের তুলনায় খারাপ, তা সাধারণের বোধগম্য নয়।
বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসার পরিবেশ-সম্পর্কিত বিশ্বব্যাংকের সর্বসাম্প্রতিক প্রতিবেদন ‘ডুয়িং বিজনেস-২০১৬’ বলছে, গত এক বছরে বাংলাদেশের ব্যবসার পরিবেশ আরও খারাপ হয়েছে। যে ১০টি সূচকের ভিত্তিতে জরিপ চালানো হয়েছে, সেগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান খারাপ হয়েছে পাঁচটিতে, বাকি পাঁচটিতে অপরিবর্তিত হয়েছে। আমাদের প্রয়োজন পাঁচটি সূচকে অবস্থানের অবনতির কারণগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এবং প্রতিকারের কার্যকর উদ্যোগ নেওয়া। আর যেসব সূচকে অবস্থান অপরিবর্তিত আছে, সেগুলো উন্নত করার উদ্যোগও নিতে হবে, কারণ ব্যবসার সামগ্রিক পরিবেশ উন্নত না হলে বিনিয়োগ পরিস্থিতির অবনতি অবধারিত।
খারাপ হয়েছে ব্যবসার পরিবেশবাংলাদেশের ব্যবসা-বিনিয়োগ প্রসারের ক্ষেত্রে এক নম্বর সমস্যা বিদ্যুতের ঘাটতি। ব্যবসায়ী-উদ্যোক্তা মহল সব সময় এ বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। আর ব্যবসায়িক উদ্যোগের একদম শুরুতেই যেসব বাধাবিপত্তি সব সময় ছিল, গত এক বছরে সেগুলো আরও বেড়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনের সূচকে দেখা যাচ্ছে। এটা অত্যন্ত গুরুতর সমস্যা, এর ফলে বিনিয়োগকারীদের উৎসাহ-উদ্দীপনা প্রথমেই ভীষণভাবে ধাক্কা খায়। ব্যবসা শুরু করার দাপ্তরিক প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ, অনেকগুলো ধাপে বিভক্ত এবং প্রতিটি ধাপই যারপরনাই হয়রানিমূলক। এটা কোনো অবকাঠামোগত সমস্যা নয়, আর্থিক বা জ্বালানি-সংক্রান্ত সমস্যাও নয়। এই সমস্যা আমলাতান্ত্রিক সংস্কৃতির সমস্যা, যার সঙ্গে জড়িয়ে আছে নৈতিকতার প্রশ্ন। এক জরিপ অনুযায়ী, ৮৪ থেকে ৯১ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানকে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ দিতে হয়।
দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ অবশ্যই উন্নত করতে হবে। সে জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সরকারের অজানা নয়। বিশ্বব্যাংকের প্রতিবেদনে সমস্যার দিকগুলো প্রতিবছরই উঠে আসে। প্রয়োজন এগুলো সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া।