ব্যবসায়ীদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার বাজেট নিয়ে সরকার ও ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত পরামর্শক সভায় বক্তারা চলমান রাজনীতি নিয়ে যে উদ্বেগ জানিয়েছেন, তার সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ নেই। কেবল ব্যবসায়ী নন, সংঘাত-সংঘর্ষের রাজনীতি দেশের সব শ্রেণী ও পেশার মানুষের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী নেতারা যথার্থই বলেছেন, সংঘাতের রাজনীতি বন্ধ না হলে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। ব্যবসা-বাণিজ্যের সহায়তায় সরকারের প্রণোদনাও কাজে আসবে না।বৃহস্পতিবার ব্যবসায়ীরা যখন পরামর্শক সভায় এই উদ্বেগ জানাচ্ছিলেন, তখনো সারা দেশে বিরোধী দল আহূত হরতাল চলছিল। গত তিন সপ্তাহে দেশ ছয় দিন হরতালের শিকার হয়েছে। রাস্তায় বহু যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত দুই দশকের অভিজ্ঞতায় দেখা গেছে, সব সরকারের মেয়াদের শেষ দিকে রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জন্য কে বেশি দায়ী সেই বিতর্কে না গিয়েও যে কথাটি বলা প্রয়োজন তা হলো, আমাদের রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা ও বৈরিতাই দেশকে বারবার সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। ক্ষমতায় থাকতে যাঁরা হরতাল-অবরোধের বিরুদ্ধে উচ্চকণ্ঠ, বিরোধী দলে গিয়ে তাঁরা ধ্বংসাত্মক কর্মসূচি দিতে দ্বিধা করেন না। আবার বিরোধী দলে থাকতে যাঁরা সভা-সমাবেশ করাকে গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেন, ক্ষমতায় গেলে তাঁরাই সেসব বন্ধ করতে নানা ফন্দিফিকির আঁটেন।এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কী? ব্যবসায়ী নেতারা আলোচনার মাধ্যমে সংঘাতময় রাজনীতি অবসানে অর্থমন্ত্রীর সহায়তা চেয়েছেন। আমরাও মনে করি আলোচনার বিকল্প নেই। ক্ষমতাসীনদের বুঝতে হবে আওয়ামী লীগ অফিসে সাংবাদিকদের ডেকে ‘জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে’ বলে ফরমান জারি করলেই সংকট কাটবে না। আর বিরোধী দলকেও উপলব্ধি করতে হবে রাস্তায় গাড়ি ভাঙচুর কিংবা আগুন দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। অতএব এখনই আলোচনার উদ্যোগ নিতে হবে।পরামর্শক সভায় ব্যবসায়ী নেতারা আগামী বাজেটে কালোটাকা সাদা না করা, ব্যাংক সুদের হার কমানো, অবকাঠামো উন্নয়ন, সুষ্ঠু পরিবহনব্যবস্থা এবং শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছেন। এসব প্রস্তাব কেবল যৌক্তিক নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অবিলম্বে বাস্তবায়নও জরুরি। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যে সমাধান নয়, তা অর্থমন্ত্রীও স্বীকার করেছেন। অব্যাহত বিদ্যুৎ-সংকট যেমন অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত করছে, তেমনি জনজীবনেও বিপর্যয় ডেকে এনেছে। অতএব দেশের জ্বালানিসংকট নিরসনে এখনই টেকসই ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।অর্থমন্ত্রীর দাবি, আগামী অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কঠিন নয়। তাঁর এই বক্তব্যের সঙ্গে আমরাও দ্বিমত করছি না। কিন্তু সে জন্য সুষ্ঠু ও বাস্তবমুখী অর্থনৈতিক পরিকল্পনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও জরুরি।