মাত্র একটি দাবিতে বিজিএমইএসহ দেশের ২৩টি ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধন করেছেন। দেশের অর্থনীতি ধ্বংস করে রাজনীতি না করার আবেদন জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দিয়ে তাঁরা এই কথাটিই জানিয়েছেন। এখন রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আরও ধৈর্যশীল অবস্থান গ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু হতে পারে না। কীভাবে তা সম্ভব, তা দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃত্বকেই খুঁজে বের করতে হবে।
টানা অবরোধের কারণে শুধু তৈরি পোশাকশিল্প খাতেই বিদেশি প্রতিষ্ঠানের ক্রয়াদেশ ৩০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বড়দিন ও নববর্ষ উৎসবের পর এ বছর বিদেশি ক্রেতাদের মধ্যে সাড়া কম। তৈরি পোশাক খাত আমাদের দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে এই রপ্তানি খাতটি। গত অর্থবছরে বাংলাদেশ ২ হাজার ৪৫০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এই শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের ওপর নির্ভরশীল রয়েছে অন্তত পাঁচ কোটি মানুষ। অবরোধের কারণে এই শিল্প নষ্ট হলে দেশের এক-তৃতীয়াংশ মানুষের জীবনে দুর্যোগ নেমে আসবে।
মানুষ মেরে, অর্থনীতি ধ্বংস করে রাজনীতি করবেন নাঅবরোধের কারণে কৃষিও মারাত্মক ক্ষতির শিকার। শাকসবজি, মাছ-মুরগি-ডিম-দুধ সরবরাহে বাধার ফলে সংকট ঘনীভূত হচ্ছে। পেট্রলবোমায় ও রাজনৈতিক সহিংসতায় ২৮ জানুয়ারি পর্যন্ত ২৫ দিনে ৪০ জন নিহত হয়েছেন। অথচ বিএনপি নির্বিচারে অবরোধ-হরতাল চালিয়ে যাচ্ছে। সরকারও শুধু দমন-পীড়ন চালিয়ে সবকিছু ঠান্ডা করার কৌশল নিয়ে চলেছে। অথচ এখন দুই পক্ষেরই চিন্তাভাবনা করে রাজনৈতিক সমাধানের পথে যেতে হবে।
রাজনীতি ও অর্থনীতি একই জাহাজের যাত্রী। অর্থনীতি ডুবলে রাজনীতিও ডুববে। দেশের মানুষের বাঁচারও উপায় থাকবে না। বিএনপি ও সরকার যদি ব্যবসায়ীদের কথায় কান দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনে তাহলে অর্থনীতি, মানুষ ও দেশ—সবই বাঁচবে।