ব্যবস্থা নিতে হবে সরকারকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় পরিবহন ধর্মঘট সপ্তম দিনে গড়ালেও এখন পর্যন্ত সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। যাত্রীসাধারণকে জিম্মি করে এ ধরনের হঠাৎ ধর্মঘট পরিবহন খাতে চলমান নৈরাজ্যেরই প্রতিফলন। বাস ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক চালক ও শ্রমিকদের মুক্ত করার দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। যে সংগঠনের কার্যকরী সভাপতি স্বয়ং নৌমন্ত্রী, সেই সংগঠনের এ রকম নৈরাজ্যিক কার্যকলাপের দায় তাই তাঁকেও নিতে হবে। অবিলম্বে সরকারকে এ সমস্যার যৌক্তিক সমাধানের পদক্ষেপ নিতে হবে।

পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে প্রশাসনের এই দ্বন্দ্ব পরিবহন খাত পরিচালনায় সরকারের অব্যবস্থাপনার আরেকটি নজির। অথচ এর খেসারত দিচ্ছে যাত্রীসাধারণ। ফরিদপুরের মধুখালীতে একটি বাসে ডাকাতির অভিযোগে আটক চালক-শ্রমিকদের মুক্ত করার দাবিতে এই ধর্মঘট চলছে এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার অপপ্রয়াসও লক্ষ করা যাচ্ছে। ডাকাতির মামলায় আটক চালক-শ্রমিকদের মুক্ত করা না–করার বিষয়টি আইনের আওতাধীন।
এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন কিংবা রাজনৈতিক কর্তৃপক্ষের বিশেষ কিছু করার নেই। তারপরও যাত্রীদের জিম্মি করে অর্থনীতি ও জীবনযাত্রায় বাধা সৃষ্টি করা আইনের বরখেলাপ। এটি মোটেই শ্রমিক বা মালিকের অধিকার রক্ষার বিষয় নয়; এটি অভিযুক্তদের দায়মুক্তি দেওয়ার জন্য আইনকে বাধাগ্রস্ত করার শামিল। পরিবহন কর্তৃপক্ষের উচিত আইনি লড়াইয়ের মাধ্যমে অগ্রসর হওয়া।
পরিবহন খাতে মালিক-শ্রমিকেরা দারুণ রকম সংগঠিত। কিন্তু সেটা যাত্রীসেবা এবং শ্রমিকদের উন্নতির বদলে ক্ষুদ্র একটি গোষ্ঠীর স্বার্থের হাতিয়ার হয়েই থাকছে। এদের নিয়মতান্ত্রিক না করে তুলে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষা করা সম্ভব হবে না। অন্যদিকে কোনো কোনো ক্ষেত্রে পুলিশের বাড়াবাড়ি, চাঁদাবাজদের বখরাবাজিও সমস্যা। সরকার, প্রশাসন ও শ্রমিক-মালিক নেতাদের সমঝোতার মাধ্যমেই এসবের সমাধান করতে হবে। তাই সরকারের উচিত এ মুহূর্তেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন খাতকে সচল করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া।