ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের পরামর্শ ছাড়া বা পরামর্শকৃত মাত্রার চেয়েও বেশি ওষুধ নিয়ম না মেনে ইচ্ছেমতো সেবন করার প্রবণতা বাংলাদেশে ব্যাপক। অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে পরিস্থিতিটা উদ্বেগজনক হয়ে উঠেছে, যা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া জরুরি।
শনিবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে অ্যান্টিবায়োটিকের ‘অযৌক্তিক’ ব্যবহারের মারাত্মক কুফলের কয়েকটি প্রত্যক্ষ দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা সড়ক দুর্ঘটনায় আহত ২৩ বছর বয়সী এক যুবকের চিকিৎসা করতে গিয়ে দেখতে পেয়েছেন, তাঁর শরীরে ১০ ধরনের অ্যান্টিবায়োটিক কোনো কাজ কেরিন। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে যে ২১ জন রোগী আছেন, তাঁদেরও অর্ধেকের ক্ষেত্রে কোনো না কোনো ধরনের অ্যান্টিবায়োটিক অকার্যকর বলে চিকিৎসকেরা দেখতে পেয়েছেন।
এই রোগীদের এমন অবস্থা কী করে হলো? একজন মানুষের শরীরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ে ওই অ্যান্টিবায়োটিক সেবনের নিয়ম যথার্থভাবে পালন করা না হলে। চিকিৎসকের দ্বারা সঠিকভাবে নির্ধারিত মাত্রায় ও পূর্ণ মেয়াদে সেবন করা না হলে ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগীর শরীরে সংশ্লিষ্ট রোগের জীবাণু প্রতিরোধ গড়ে তুলতে পারে। তারপর থেকে ওই অ্যান্টিবায়োটিক ওই রোগীর শরীরে আর কাজ করে না। বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ব্যবহারে ‘যৌক্তিকতা’ ও শৃঙ্খলার অভাব এতই প্রকট যে একজন বিশেষজ্ঞ এটাকে ‘নৈরাজ্যকর পরিস্থিতি’ বলে মন্তব্য করেছেন।
এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। প্রথমত, অ্যান্টিবায়োটিক বিপণনে নিয়ন্ত্রণ আনতে হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি আইনত নিষিদ্ধ, কিন্তু তা মেনে চলা হচ্ছে না। নিষেধ অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, চিকিৎসকদের ব্যবস্থাপত্র লেখার সময় অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে সুবিবেচনা দরকার। অনুমান নয়, প্রয়োজন সম্পর্কে নিশ্চিত হয়েই অ্যান্টিবায়োটিক দিতে হবে। তৃতীয়ত, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতা পুরোপুরি ত্যাগ করতে হবে। চিকিৎসক যে মাত্রা ও মেয়াদ নির্ধারণ করে দেবেন, তা সম্পূর্ণভাবে মেনে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে।
আরও পড়ুন:
অ্যান্টিবায়োটিক ব্যবহারে নৈরাজ্য, নজর নেই কারও