ব্যবহার-অযোগ্য পাসপোর্ট বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচয় প্রকাশ করার জন্য একজন মানুষ নিজের কাছে যা রাখতে পারে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাসপোর্ট। বিদেশভ্রমণের জন্য জরুরি এই পরিচয়পত্রটি একজন মানুষের কোনো একটি দেশের নাগরিকত্বের দলিলও। মানসম্মত ও আন্তর্জাতিক নিয়ম মেনে নাগরিকদের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়ার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানেরই দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্রিটিশ এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সম্ভবত এটা টের পেয়েছে যে এখানে সবকিছু করেই পার পাওয়া যায়।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্রিটিশ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ডে লা রু’ গত জানুয়ারি থেকে এ পর্যন্ত যে ১৩ লাখ এমআরপি বই সরবরাহ করে, এর মধ্যে ৬৫ হাজার বই বাতিল করতে হয়েছে। এই বইগুলো শুধু নিম্নমানেরই নয়, এগুলোর নম্বর এত অস্পষ্ট যে যন্ত্রের মাধ্যমে তা পাঠ করাও যায় না।
বাতিল বইগুলোর কারণে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। কিন্তু জবাবদিহি করার কেউ নেই। ডে লা রু-এর বাংলাদেশ প্রতিনিধি কোনো কথা বলবেন না আর কোম্পানিটির জনসংযোগ কর্মকর্তাও অভিযোগের কোনো জবাব দিচ্ছেন না। ব্রিটিশ কোম্পানির এ ধরনের আচরণের কারণ অনুমান করা যায় বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কথায়।নিম্নমানের পাসপোর্টের বিষয়টি তিনি স্বীকারই করেননি।তাঁর আচরণে মনে হচ্ছে যে ডে লা রুর স্বার্থ রক্ষাই তাঁর কাজ।তাদের হয়েই তিনি কাজ করছেন, অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নয়। বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা দরকার।
নিম্নমানের ও ব্যবহার-অযোগ্য পাসপোর্ট বই সরবরাহ ও শর্ত অনুযায়ী বইয়ে ৩৮টি নিরাপত্তাচিহ্ন না দিয়ে ৩০টি চিহ্ন দেওয়ায় ব্রিটিশ ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্পষ্টতই শর্ত ভঙ্গ করেছে। ভাগ-বাঁটোয়ারা বা স্বার্থের সম্পর্ক না থাকলে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের উচিত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা কী করবে, সেটাই এখন দেখার বিষয়।