অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বেসরকারি ব্যাংকের উদ্যোক্তারা বর্তমান ব্যাংক কোম্পানি আইনের কিছু বিধিনিষেধ সংশোধনের যে দাবি তুলেছেন, তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এসব দাবি মেনে নেওয়া হলে ব্যাংকিং খাতের সুশাসন যেমন ঝুঁকির মুখে পড়বে, তেমনি এই খাতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা ও স্বেচ্ছাচারিতার আশঙ্কা তৈরি হবে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন বিএবি এবং ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন এবিবির পক্ষ থেকে মূল যে দুটি বিধিনিষেধ পরিবর্তনের দাবি তোলা হয়েছে, তা হচ্ছে পরিচালক হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র না নেওয়া ও আজীবন ব্যাংকের পরিচালক পদে থাকা। প্রশ্ন হচ্ছে, এই দুটি কেন তাদের চাওয়া?
বোঝা যায়, ব্যাংকের ওপর উদ্যোক্তারা তাদের নিয়ন্ত্রণ ও খেয়ালখুশি কায়েম করতে চায়। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে পরিচালকেরা এত দিন নিয়োগ পেয়ে আসছেন। বাংলাদেশ ব্যাংক নানা দিক ও যোগ্যতা বিবেচনায় নিয়েই পরিচালক নিয়োগের ক্ষেত্রে অনাপত্তিপত্র দিয়ে থাকে। এই বিধান না থাকার অর্থ হচ্ছে উদ্যোক্তারা যে কাউকে পরিচালক নিয়োগ দিতে পারবে। অন্যদিকে কেউ পরিচালক হলে আজীবন সেই পদে থাকতে পারবেন—এই চাওয়াটির মধ্যে একটি পরিবার বা গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা স্পষ্ট।
এটা মানতেই হবে যে অন্য যেকোনো ব্যবসা-বাণিজ্য বা খাতের চেয়ে ব্যাংকিং খাতটি ভিন্ন। এখানে লাখ লাখ গ্রাহক ও তাদের আমানতের বিষয়টি রয়েছে। গ্রাহক ও আমানতকারীদের স্বার্থরক্ষায় কিছু বিধিনিষেধ কার্যকর থাকা জরুরি। এ ধরনের বিধিনিষেধ ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার রক্ষাকবচ হিসেবেও কাজ করে। এ ধরনের বিধিনিষেধ বাতিল করতে চাওয়ার মধ্যে ক্ষুদ্র ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ ছাড়া সামগ্রিকভাবে ব্যাংকিং খাত বা এর বিকাশের কোনো সম্পর্ক নেই। মনে রাখা দরকার, ব্যাংকিং খাতে যথেচ্ছাচার জাতীয় অর্থনীতিকে ঝুঁকির মুখে ঠেলে দেবে। ২০০৮ সালে বৈশ্বিক মন্দার প্রধান কারণই ছিল পাশ্চাত্যে ব্যাংকগুলোর কথিত লাগামছাড়া উদারীকরণ।
জনগণ, গ্রাহক ও আমানতকারীদের স্বার্থ রক্ষা করা সরকার তথা ব্যাংকিং খাত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এসব বিবেচনায় নিয়েই ব্যাংক কোম্পানি আইন করা হয়েছে। বাস্তবতা হচ্ছে, ব্যাংকের উদ্যোক্তারা যেখানে কম-বেশি ১০ শতাংশ মূলধনের মালিক, সেখানে বাকি ৯০ শতাংশ মূলধনের মালিক হচ্ছে আমানতকারীরা। ফলে আমানতকারীদের স্বার্থরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ১০ শতাংশ মালিকানা নিয়ে ব্যাংকে নিজেদের নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা তাই কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। উদ্যোক্তাদের এসব আবদার মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।