ব্যাংক খাত নিয়ে উদ্বেগ বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ যেন বাড়ছেই। কিছু ব্যক্তি ও এলাকায় ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়া, সঠিকভাবে ঝুঁকি ব্যবস্থাপনা না করা ও দুর্বল শাসনব্যবস্থা এই উদ্বেগ বাড়ার প্রধান কারণ।
প্রথম আলোর এক প্রতিবেদন থেকেই জানা যায় যে দেশের অভিজ্ঞ ব্যাংকার ও অর্থনীতিবিদেরা এক সেমিনারে তাঁদের এই উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন। এতে ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের অতি মুনাফা প্রবণতার বিষয়টিও উঠে এসেছে। বিষয়গুলো নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে বৈকি।
কেননা, সাম্প্রতিক বছরগুলোয় খেলাপি ঋণ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সোনালী ব্যাংকে হল-মার্ক কেলেঙ্কারি ও বেসিক ব্যাংকের বিরাট অনিয়মের মধ্য দিয়ে ব্যাংক খাতে প্রায় ১০ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এত সব ঘটনার পরও ব্যাংক খাতে সুশাসন জোরদার করা যায়নি।
কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল নজরদারি ও রাজনৈতিক চাপে একের পর এক ছাড় দেওয়ার ঘটনা বিভিন্ন ব্যাংকে অনিয়মকেই উৎসাহিত করেছে। বিশেষ করে, বেসরকারি ব্যাংকের কতিপয় উদ্যোক্তা-পরিচালক বেপরোয়াভাবে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন।
বস্তুত, ব্যাংক খাতের সুশাসন একটি নিরন্তর প্রক্রিয়া। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের নিয়মনীতি আরোপ করে, বিধিমালা প্রয়োগ করে ও কিছু সংস্কার কার্যক্রমের মাধ্যমে দেশের ব্যাংক খাতকে মোটামুটি একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২০০৯ সালের পর থেকে অনিয়ম-দুর্নীতিকে নানাভাবে প্রশ্রয় দিয়ে এই শৃঙ্খলাকে শিথিল করে ফেলা হয়, তৈরি করা হয় একের পর এক আর্থিক কেলেঙ্কারি। শেষ পর্যন্ত যদিও সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কিছু কঠোরতা আরোপের চেষ্টা করেছে, তার পরও যে বিরাট ক্ষত তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে তাই এই সত্যিকারভাবে সক্রিয় হতে হবে, শুধু কথার ফুলঝুরি না ছড়িয়ে কাজ করে দেখাতে হবে, যেন ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।