অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানাতে হয় তাঁর সরল স্বীকারোক্তির জন্য। দেশের মাটিতে না হলেও ওয়াশিংটনে প্রথম আলো প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে তিনি ব্যাংক খাতের দু-চারটি দুর্ঘটনা এবং সোনালী ব্যাংকে লুট ও জোচ্চুরির কথা স্বীকার করেছেন।
একই সঙ্গে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এই ব্যাংকটি যেমন শত শত কোটি টাকার ঋণ উদ্ধার করতে পারেনি, তেমনি কৃষি খাতের বাইরে কৃষি বাণিজ্যে অধিকতর ঋণ দিয়েছে, যা প্রতিষ্ঠানটির নীতিমালার পরিপন্থী। প্রশ্ন হলো, খোদ অর্থমন্ত্রীই যখন অসন্তুষ্ট ও অকার্যকর, তখন ভরসাটা কোথায়?
অর্থমন্ত্রী বাংলাদেশ কৃষি ব্যাংকের এই অনিয়ম ও দুর্নীতি ধরার কথা বললেও আমরা খুব আশ্বস্ত হতে পারি না। এর আগে সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকে ঋণের নামে অর্থমন্ত্রীর ভাষায় যে জোচ্চুরি ও লুট হয়েছে, তার বিচার হয়নি। হল-মার্ক কেলেঙ্কারির মূল হোতাকে কারাগারে আটক করা গেলেও লুটের টাকা উদ্ধার করা যায়নি। আর বেসিক ব্যাংকের লুটের সঙ্গে জড়িত ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে আছেন। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এই অঘটনের নাটের গুরু হলেও রহস্যজনক কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।
অর্থমন্ত্রী বলেছেন, সময় এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু তা প্রমাণ করতে হবে বেসিক ব্যাংকের কেলেঙ্কারির হোতাদের বিচারের আওতায় এনে। কেবল ওই দুটি ব্যাংকই নয়, রাষ্ট্রীয় মালিকানাধীন সব ব্যাংকই অত্যন্ত ঝুঁকিতে পড়ে আছে। গত ছয় বছরে প্রতিটি ব্যাংকে মন্দঋণের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। সব মিলিয়ে ব্যাংক খাতে জবাবদিহি ও স্বচ্ছতার প্রচণ্ড ঘাটতি রয়েছে। এর প্রতিকারে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি, বাজেটের আকার ইত্যাদি নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছেন, তা নিয়ে সংশয় রয়েছে। তাহলেও তাঁর অবস্থানকে আমরা নেতিবাচক দৃষ্টিতে দেখছি না। কিংবা আগামী বছরের বাজেটে তিনি শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ওপর অধিকতর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, তার সঙ্গেও দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাংক খাতে লুট ও জোচ্চুরি না ঘটলে কি জিডিপি আরও বাড়ানো সম্ভব হতো না? অর্থমন্ত্রীকে ব্যাংক খাতের চুরি ও লুটের কথা স্বীকার করলেই হবে না, এর সঙ্গে জড়িত তথা তস্করদের শাস্তিও নিশ্চিত করতে হবে।